আদালতে বিশৃঙ্খলা

নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ তিনজনের হাইকোর্টে হাজিরা

হাইকোর্ট
ফাইল ছবি

নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারকের সঙ্গে আইনজীবীদের অপ্রীতিকর ঘটনার প্রেক্ষাপটে নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি মমতাজুল হকসহ তিন আইনজীবী হাইকোর্টে হাজিরা দিয়েছেন। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবার তাঁরা হাজির হন। আদালত ৬ মার্চ শুনানির পরবর্তী তারিখ রেখেছেন।  

নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ ‘বিশৃঙ্খলা সৃষ্টি, আইন-আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও বিচারকের সঙ্গে দুর্ব্যবহারের’ অভিযোগে গত ২৫ জানুয়ারি হাইকোর্ট আদালত অবমাননার রুল দেন। একই সঙ্গে নিজেদের ভূমিকার ব্যাখ্যা জানাতে সভাপতিসহ তিন আইনজীবীকে ৮ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দেন হাইকোর্ট।

ধার্য তারিখে সভাপতিসহ তিন আইনজীবী হাজির হন। সেদিন তাঁদের পক্ষে সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আদালত ২৩ ফেব্রুয়ারি পরবর্তী দিন রাখেন। এ অনুসারে বৃহস্পতিবার তাঁরা আদালতে হাজির হন। অপর দুজন হলেন জেলা আইনজীবী সমিতির সহসভাপতি মো. আজহারুল ইসলাম ও আইনজীবী ফেরদৌস আলম।

আদালতে তিন আইনজীবীর পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক মো. আবদুন নূর শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

শুনানিতে মোমতাজ উদ্দিন ফকির বলেন, তাঁরা (তিন আইনজীবী) নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, ভবিষ্যতে সতর্ক থাকবেন। আদালত বলেন, ‘কী লিখেছেন, পড়েন।’ এরপর নিঃশর্ত ক্ষমা প্রার্থনাসংক্রান্ত লিখিত বক্তব্য পড়ে শোনান মোমতাজ উদ্দিন ফকির।

এ সময় আদালত বলেন, কথাগুলো অস্বীকার করছেন, তাহলে ক্ষমা চাইলেন? এটি সিম্পল অ্যাপোলজি নয়। কিছু ডিফেন্স নিতে চাচ্ছেন। তাহলে ডিফেন্সের কাগজপত্র নিয়ে আসেন। এ সময় মোমতাজ উদ্দিন ফকির ‌না সূচক জবাব দিয়ে দুই সপ্তাহ সময়ের আরজি জানান। পরে আদালত ৬ মার্চ পরবর্তী দিন রাখেন।    

নথিপত্র থেকে জানা যায়, গত বছরের ২৮ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় হাজতি আসামির জামিন নামঞ্জুর ও অপর আসামিদের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নামঞ্জুর করেন নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. গোলাম সারোয়ার। এই আদেশ ঘোষণার সঙ্গে সঙ্গে মামলায় নিয়োজিত তিন আইনজীবীসহ তাঁদের সহযোগী আইনজীবীরা মারমুখী ও আক্রমণাত্মক ভঙ্গিতে এজলাসের টেবিল চাপড়ান। বিকট শব্দে বিচারকের প্রতি বিভিন্ন উক্তি করেন। হামলা করার প্রয়াস চালান।

এসব কথা উল্লেখ করে বিচারক মো. গোলাম সারোয়ার গত ২৯ নভেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবরে একটি চিঠি পাঠান। এতে ঘটনা অবহিত করার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। এরপর বিষয়টি প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করেন রেজিস্ট্রার জেনারেল। প্রধান বিচারপতি বিষয়টি বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে পাঠাতে নির্দেশ দেন।