কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় রেড ক্রিসেন্ট

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ছে উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবির। রোববার বিকেলে
ছবি: প্রথম আলো

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী আশ্রয়শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। কক্সবাজারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে রেড ক্রিসেন্ট শুকনা খাবারসহ এক হাজার তাঁবু, মশারি ও কম্বল বিতরণ করছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কক্সবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির হেড অব অপারেশন মো. বেলাল হোসেন বলেন, ‘বছরের এই সময়ে মৌসুমি বায়ুর প্রভাব তীব্র থাকায় অগ্নিকাণ্ডের আশঙ্কা বেড়ে যায়। এই প্রবণতা লক্ষ করে উদ্ধার ও সাড়াদানের পূর্বপ্রস্তুতি সম্পর্কে আমরা সচেতন আছি। উদ্ধার তৎপরতা চলছে এবং ত্রাণসামগ্রী প্রদানের কাজ চলমান।’

আইএফআরসির সাবডেলিগেশন প্রধান ঋষিকেশ হরিচন্দন বলেন, ‘বিগত পাঁচ বছর ধরে যারা ক্যাম্পে কঠোর পরিশ্রম করে টিকে আছে, তেমন হাজার হাজার পরিবারের কষ্টকে ছাইয়ে পরিণত করেছে এই আগুন। বেশ কয়েকটি পরিবার তাদের সবকিছু হারিয়েছে। তাদের জন্য বসবাস উপযোগী পরিবেশ তৈরির জন্য আমাদের আরও বেশি সমন্বয় প্রয়োজন। এ ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জীবনমান উন্নয়নে আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’

উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরে (ক্যাম্প-১১) গতকাল রোববার অগ্নিকাণ্ডে দুই হাজারের বেশি ঘর পুড়ে গেছে। এর ফলে প্রায় ১২ হাজার রোহিঙ্গা গৃহহারা হয়েছে। ভয়াবহ এ আগুন নেভাতে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিমের সঙ্গে কাজ করেন বিডিআরসিএসের প্রশিক্ষিত ২০০ স্বেচ্ছাসেবক।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা শিবিরে জরুরি সাড়াদানে প্রস্তুত রয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৩ হাজার ৩০০ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) সহযোগিতায় প্রশিক্ষিত এই স্বেচ্ছাসেবকেরা শিবিরের বাসিন্দাদের দুর্যোগপ্রস্তুতি প্রশিক্ষণের পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।