জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন

ডেপুটি স্পিকারের স্বাক্ষর-প্যাড-লোগো জাল করে ভুয়া চিঠি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড ও সরকারি লোগো, স্মারক নম্বর ইত্যাদি জাল করে ডিও (আধা সরকারি) পত্র তৈরি করা হয়েছে। ওই চিঠি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দাখিল করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংসদ সচিবালয় জানিয়েছে, ভুয়া চিঠিটি জাতীয় সংসদ থেকে ইস্যু করা হয়নি। এর সঙ্গে সংসদের কোনো ধরনের সংশ্লিষ্টতাও নেই।

ভুয়া চিঠিতে বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনের বদলির আদেশ বাতিল করে তাঁকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলির সুপারিশ করা হয়েছে।

সংসদ সচিবালয় বলেছে, জাতীয় সংসদের নাম, লোগো, প্যাড বা সরকারি পরিচয় জাল করে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি জানার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভবিষ্যতে জাতীয় সংসদের নামে কোনো ডিও বা সরকারি চিঠি পাওয়া গেলে এর সত্যতা যাচাই করতে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট শাখার সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সর্বসাধারণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।