ওজিএসবির আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শেষে আয়োজকদের একাংশ
ওজিএসবির আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শেষে আয়োজকদের একাংশ

ওজিএসবির আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত

রাজধানীর একটি হোটেলে গত শনিবার অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাম্প্রতিক গবেষণা ও চিকিৎসাপদ্ধতি নিয়ে বৈজ্ঞানিক আলোচনা হয়।

দেশের প্রসূতি ও স্ত্রীরোগ–বিশেষজ্ঞদের অন্যতম বৃহৎ এই বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ১ হাজার ২০০ স্ত্রীরোগ–বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন।

‘শেপিং দ্য উইমেনস হেলথ থ্রু সায়েন্স, ইনোভেশন অ্যান্ড লিডারশিপ’ প্রতিপাদ্যের আলোকে নারীর স্বাস্থ্যসেবা উন্নয়ন, মাতৃস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাবিজ্ঞানে নতুন জ্ঞান ও উদ্ভাবন এবং পেশাগত নেতৃত্বের বিভিন্ন দিক নিয়ে সম্মেলনে আলোচনা হয়।

দিনব্যাপী আয়োজনে মোট ১২টি সেশনে দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক ও শিক্ষাবিদেরা অংশগ্রহণ করেন। এসব সেশনে প্রায় ৫৪ বক্তা (প্যানেলিস্ট, পোস্টার উপস্থাপকসহ) তাঁদের গবেষণার ফলাফল, অভিজ্ঞতা ও চিকিৎসাবিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন।

সম্মেলনে নবীন ও প্রবীণ প্রসূতি ও স্ত্রীরোগ–বিশেষজ্ঞরা তাঁদের নিজস্ব গবেষণার ফলাফল উপস্থাপনের পাশাপাশি দেশ-বিদেশের অভিজ্ঞ গবেষক ও বিশেষজ্ঞদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান।

সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হয় মাতৃভ্রূণ চিকিৎসাবিজ্ঞান, গাইনিকোলজিক্যাল অনকোলজি, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটিসহ গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতির ওপর।

ওজিএসবির সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগম বলেন, দ্রুত পরিবর্তনশীল চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে দেশের চিকিৎসকদের আরও সম্পৃক্ত করা এবং আন্তর্জাতিক পর্যায়ের জ্ঞান, গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করাই এ সম্মেলনের অন্যতম প্রধান উদ্দেশ্য।

সম্মেলনে বক্তারা বলেন, একটি জাতির সামগ্রিক অগ্রগতির জন্য মাতৃ ও নারীর স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা ও নারীর সুস্বাস্থ্য ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য ও উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ২০৩০ অর্জন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে মাতৃস্বাস্থ্যের উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।