দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে ৩৫৫ জনের মৃত্যু হলো।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৩৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুজন করে এবং দুই সিটির বাইরে ঢাকা বিভাগে আরেকজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকার দুই সিটি ছাড়া হাসপাতালে ৩৫১ জন ভর্তি হয়েছেন। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ২৫৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৩৯৬ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৭২ হাজার ৩৯৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত মাসেই ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন। আর চলতি মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৩৯ জন, মৃত্যু হয়েছে ৪০ জনের।
বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।