আদেশের প্রতিক্রিয়ায় শিক্ষক তাহেরের স্ত্রী

বিচার পেতে ১৭ বছর অপেক্ষা করেছি, সংগ্রাম করেছি

২০০৬ সালের ৩ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টারের বাসার বাইরের ম্যানহোলে অধ্যাপক এস তাহের আহমেদের লাশ পাওয়া যায়
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলায় আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনা চেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিসহ তিন দণ্ডিতের করা আবেদন (রিভিউ) খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। আদেশে স্বস্তি প্রকাশ করেছেন নিহত শিক্ষকের স্ত্রী।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আট সদস্যদের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে গত বছরের ৫ এপ্রিল রায় দেন আপিল বিভাগ। মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন, তাহেরের একসময়ের ছাত্র ও পরে বিভাগীয় সহকর্মী মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও তাহেরের বাসভবনের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর। যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন, জাহাঙ্গীরের ভাই আবদুস সালাম ও সালামের আত্মীয় নাজমুল।

গত বছরের ১৫ সেপ্টেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। পরে মৃত্যুদণ্ড বহালের রায় পুনর্বিবেচনা চেয়ে মহিউদ্দিন ও জাহাঙ্গীর এবং যাবজ্জীবন সাজা পুনর্বিবেচনা চেয়ে আবদুস সালাম পৃথক আবেদন করেন। চেম্বার আদালত হয়ে রিভিউ আবেদন আপিল বিভাগে ওঠে। গত ২৩ ফেব্রুয়ারি পুর্নবিবেচনার আবেদনের ওপর শুনানি শেষে আজ আদেশ দেওয়া হয়। এ সময় শিক্ষক তাহেরের স্ত্রী সুলতানা আহমেদ ও মেয়ে শেগুফতা তাবাসসুম আহমেদ উপস্থিত ছিলেন।

আদেশের পর সুলতানা আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বিচার পাওয়ার জন্য ১৭ বছর অপেক্ষা করেছি, সংগ্রাম করেছি। দুঃখ-কষ্ট ভোগ করেছি। আমরা স্বস্তি পেয়েছি। তবে রায় দ্রুত কার্যকর হলে পরিপূর্ণ সন্তুষ্ট হব।’

আদালতে মহিউদ্দিনের পক্ষে আইনজীবী এস এম শাহজাহান, জাহাঙ্গীরের পক্ষে আইনজীবী এস এন গোস্বামী ও সালামের পক্ষে নিখিল কুমার সাহা শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ শুনানি করেন, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।

পরবর্তী প্রক্রিয়া নিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ সাংবাদিকদের বলেন, তিন দণ্ডিতের পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। যাবজ্জীবন দণ্ডিত আবদুস সালাম তাঁর সাজার বাকি মেয়াদ কারাভোগ করবেন। অপর দুজনের দণ্ড কার্যকর হতে বাধা নেই। তবে সর্বশেষ ধাপে এখন আসামিরা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারবেন। এরপর কারাবিধি অনুসারে মৃত্যুদণ্ড কার্যকর হবে। সাধারণত রায়ের অনুলিপি পৌঁছানোর ২১ থেকে ২৮ দিনের মধ্যে এটি কার্যকর করার বিধান রয়েছে।

২০০৬ সালের ৩ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টারের বাসার বাইরের ম্যানহোলে তাহেরের লাশ পাওয়া যায়। এ ঘটনায় সেদিন তাঁর ছেলে মতিহার থানায় মামলা করেন। মামলায় ২০০৮ সালের ২২ মে রায় দেন বিচারিক আদালত। রায়ে চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

বিচারিক আদালতের রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। ২০১৩ সালের ২১ এপ্রিল রায় দেন হাইকোর্ট। রায়ে মহিউদ্দিন ও জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। আবদুস সালাম ও নাজমুলকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল ও জেল আপিল করেন। যাবজ্জীবন দণ্ডিত আসামিদের সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করে। পৃথক আপিল খারিজ করে গত বছরের ৫ এপ্রিল আপিল বিভাগ রায় দেন।

সাক্ষী ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, এটি স্পষ্ট মিয়া মোহাম্মদ মহিউদ্দিন বিভাগের অধ্যাপক হওয়ার পথ পরিষ্কার করতে অধ্যাপক তাহেরকে হত্যার ষড়যন্ত্র করেন। মহিউদ্দিন উচ্চশিক্ষিত ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ছিলেন। অধ্যাপক তাহের জীবিত থাকলে এই পদে মহিউদ্দিনের পদোন্নতি পাওয়ার সুযোগ শূন্য—এ ধারনা থেকে শুধু অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ার উদ্দেশ্যেই তাহেরকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন তিনি। জাহাঙ্গীর আলম, আবদুস সালাম ও নাজমুল আর্থিক সুবিধা, সেবা ও কম্পিউটার পেতে অধ্যাপক তাহেরকে হত্যায় মহিউদ্দিনের প্রস্তাব গ্রহণ করেন ও সে অনুযায়ী অধ্যাপক তাহের হত্যার অপরাধ সংঘটন করেন।