সাংবাদিক আফতাব হত্যা

হাইকোর্টে পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল

আফতাব আহমেদ
আফতাব আহমেদ

ডাকাতির সময় প্রবীণ সাংবাদিক আফতাব আহমেদকে হত্যার ঘটনায় করা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। অপর এক আসামিকে বিচারিক আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন। আসামিদের ডেথরেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের করা পৃথক আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে এ রায় দেওয়া হয়।

সাংবাদিক আফতাব আহমেদ দৈনিক ইত্তেফাকের প্রবীণ ফটোসাংবাদিক ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও পরবর্তী সময়ে অনেক দুর্লভ ছবি তোলেন। আলোকচিত্র সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য ২০০৬ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

মৃত্যুদণ্ড বহাল থাকা পাঁচ আসামি হলেন বিল্লাল হোসেন কিসলু, হাবিব হাওলাদার, রাজু মুন্সি, রাসেল ও আফতাব আহমেদের গাড়িচালক হুমায়ুন কবির মোল্লা। এর মধ্যে রাজু মুন্সি ও রাসেল পলাতক। অপর আসামি সবুজ খানের ৭ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড বহাল রয়েছে।

ওই মামলায় ২০১৭ সালের ২৮ মার্চ বিচারিক আদালত রায় দেন। রায়ের পর ওই বছরই আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথরেফারেন্স হাইকোর্টে আসে। এদিকে কারাগারে থাকা দণ্ডিত আসামিরা ২০১৭ সালে পৃথক আপিল ও জেল আপিল করেন। এসবের ওপর শুনানি শেষে আজ রায় দেওয়া হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান, এ কে এম ফজলুল হক খান ফরিদ ও মো. হেলাল উদ্দিন মোল্লা। পলাতক দুই আসামির পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এস এম শফিকুল ইসলাম।

রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া প্রথম আলোকে বলেন, ‌তিন আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সামঞ্জস্য রয়েছে। আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, জব্দ তালিকা ও উপস্থাপিত নথিপত্র পর্যালোচনায় আসামিদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় হাইকোর্ট পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। অপর এক আসামির সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড বহাল রাখা হয়েছে।

মৃত্যুদণ্ড বহাল থাকা বিল্লাল হোসেন কিসলুর আইনজীবী এ কে এম ফজলুল হক খান ফরিদ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান মৃত্যুদণ্ড বহাল থাকা অপর আসামি হাবিব হাওলাদারের আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৫ ডিসেম্বর রামপুরায় নিজ বাসা থেকে আফতাব আহমেদের লাশ উদ্ধার করে পুলিশ। ফাঁসির দণ্ডপ্রাপ্ত হুমায়ুন কবির ছিলেন আফতাব আহমেদের গাড়িচালক। হত্যার দায় স্বীকার করে হুমায়ুন কবির, হাবিব হাওলাদার ও বিল্লাল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই জবানবন্দিতে তাঁরা স্বীকার করেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী আফতাব আহমেদের বাসায় ডাকাতি করার সময় তাঁকে গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করেন তাঁরা। আফতাব আহমেদের বাসার ড্রয়ার ভেঙে ৭২ হাজার টাকা লুট করেন আসামি বিল্লাল হোসেন। পরে তাঁরা বৌবাজার নামের একটি জায়গায় ওই টাকা ভাগাভাগি করে নেন। ওই ঘটনায় ২০১৩ সালের ২৬ ডিসেম্বর রামপুরা থানায় মামলাটি করেন আফতাব আহমেদের ছেলে।

রায়ের পর আফতাব আহমেদের মেয়ে আফরোজা আহমেদ বর্ণা প্রথম আলোকে বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। হাইকোর্ট যে রায় দিয়েছেন, তা আপিল বিভাগে বহাল থাকবে বলে আশা করছি। আসামির সাজা দ্রুত কার্যকর হবে, এমন প্রত্যাশা করি।’