সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসন থেকে গণফোরামের সংসদ সদস্য নির্বাচিত হন মোকাব্বির খান। চলতি একাদশ জাতীয় সংসদে যে কজন সংসদ সদস্য আইন প্রণয়নসহ নানা কাজে সক্রিয় ভূমিকা পালন করেন, তাঁদের একজন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না। তাদের মুখপাত্র বলেছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন হওয়ার সম্ভাবনা তাঁরা দেখছেন না। তাঁদের এই সিদ্ধান্ত কীভাবে দেখেন?
মোকাব্বির খান: আমি মনে করি, ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্ত বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণের মনোভাব ও আশা-আকাঙ্ক্ষার অনুকূলেই হয়েছে। কারণ, সত্যিকার অর্থে দেশে এখন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করার মতো পরিস্থিতি, পরিবেশ নেই।
মূল সমস্যাটা কী?
মোকাব্বির খান: এটা দীর্ঘদিনের সমস্যা। সবচেয়ে বড় সমস্যা, এখানে রাজনীতি হলো গণতন্ত্রের নামে মসনদ রক্ষা করা এবং ক্ষমতাসীনদের বিতাড়িত করে নিজে মসনদে বসা। এই মসনদটাই হয়ে গেছে সবচেয়ে বড় সমস্যা। এখানে আগে যাঁরা ছিলেন, তাঁরাও এমন কোনো উদাহরণ সৃষ্টি করে যেতে পারেননি। জনগণের স্বার্থে বা গণতন্ত্রের স্বার্থে তাঁরাও বড় কিছু করেননি। গণতান্ত্রিক পরিবেশ তৈরির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, এমন উদাহরণ নেই।
তাহলে বিকল্প কী?
মোকাব্বির খান: বিকল্প হলো গণজাগরণ। জনগণকে জাগাতে হবে। তাঁদের বিষয়টা বোঝাতে হবে, গণতন্ত্র বলতে আমরা যেটা বুঝি, সেটা দেশে সম্পূর্ণরূপে অনুপস্থিত।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নতুন একটি ভিসা নীতি কার্যকর করেছে। তারা বলেছে, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের ভিসা দেবে না দেশটি। তাদের এই ভিসা নীতি কীভাবে দেখেন?
মোকাব্বির খান: কিছুদিন আগেও আমরা দেখেছি, বিএনপি ও আওয়ামী লীগ—দুই পক্ষই যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতিকে স্বাগত জানিয়েছে। দুই পক্ষই যখন স্বাগত জানায় তখন তো বলতে হয়, বাংলাদেশের জনগণের পক্ষে এই সিদ্ধান্তটা হয়েছে। যাঁরা এখন ক্ষমতায় আছেন এবং যাঁরা আগে ছিলেন—দুই পক্ষই স্বাগত জানিয়েছে। তার অর্থ, তাঁদের অনুকূলেই ভিসা নীতি হয়েছে।
কয়েক মাস পরই জাতীয় নির্বাচন। সরকার বলছে, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে। অন্যদিকে বিএনপি বলছে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ বিষয়ে আপনাদের অবস্থান কী?
মোকাব্বির খান: এটা তো মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। নব্বইয়ের দশকে গণতন্ত্রের জন্য মানুষের প্রবল ইচ্ছা ছিল। পরবর্তী সময়ে যাঁদের আমরা নির্বাচিত করেছিলাম, তাঁদের কর্মকাণ্ডে মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হলো যে দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অসম্ভব। সে সময় যারা ক্ষমতায় ছিল, তাদের তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিল পাস করতে বাধ্য করা হয়েছিল, যাতে মানুষের মতের সঠিক প্রতিফলন ঘটে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়। তখন সবাই তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিল।
এখানে সংক্রামক রোগ না ঢুকলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্কের কোনো সুযোগই ছিল না। ২০০৪ সালে প্রধান বিচারপতিকে নিয়ে যেভাবে নাটক হলো, কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন..। তারপর সে সময় ১ কোটি ২০ লাখ ভুয়া ভোটার করা হলো। এগুলো গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করার জন্য যথেষ্ট ছিল। সে সময় তারাও ভালো কোনো উদাহরণ সৃষ্টি করতে পারেনি, যাতে মানুষ বিশ্বাস করতে পারে, এই দলটা সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করে। তারা জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখায়। নিকট অতীতে আমাদের সামনে কোনো উদাহরণ নেই। আসলে স্বাধীন বাংলাদেশে আমরা কখনো প্রকৃত গণতন্ত্র পাইনি, যে গণতন্ত্রের কথা আমাদের সংবিধানে লেখা আছে।
তাহলে আগামী নির্বাচন নিয়ে আপনাদের দলের ভাবনা কী?
মোকাব্বির খান: নির্বাচনটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, সেটা পূর্বশর্ত। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে জনমতের প্রতিফলন ঘটবে না। তাহলে সেটা নির্বাচন বলে চালিয়ে দেওয়া যাবে। কিন্তু সেটা সত্যিকার অর্থে দেশের সংবিধান, মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। মানুষ তার পছন্দ অনুযায়ী ভোট দেবে। যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারা সরকার গঠন করবে। সে সরকার জনগণের পক্ষে রাষ্ট্র পরিচালনা করবে। এটা তো এখন নেই। এ জন্য আমরা আগে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলি।
দলীয় সরকারের অধীনে কি আপনারা নির্বাচনে অংশ নেবেন?
মোকাব্বির খান: আমি অগ্রিম কিছু বলতে চাই না। আমি যেটা বলতে চাই, আমরা যখন জনগণের মধ্যে এমন আস্থা ও বিশ্বাস দেখব যে জনগণ যদি মনে করে ভোটে তাঁদের মতামতের যথাযথ প্রতিফলন ঘটবে, তখন আমরা বিষয়টি বিবেচনা করব। তার আগে নয়।
গত জাতীয় নির্বাচনে বিএনপিসহ আপনারা জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করেছিলেন। পরবর্তী সময়ে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলেও গণফোরামের আপনারা দুজন তা করেননি। কারণ কী?
মোকাব্বির খান: প্রথম কথা হচ্ছে, আমাকে ঐক্যফ্রন্ট মনোনয়ন দেয়নি। আমি গণফোরামের মনোনয়ন ও দলীয় প্রতীকে নির্বাচন করেছি। আমি জিনিসটা এভাবে দেখি, আমাদের জনগণের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। একজন সংসদ সদস্য হিসেবে আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমার দায়বদ্ধতা জনগণের প্রতি। জনগণ হলো ক্ষমতার উৎস। জনগণ সমর্থন প্রত্যাহার করলে বড় দলও ছোট দল হয়ে যায়। পাকিস্তানের সৃষ্টি হয়েছিল মুসলিম লীগের নেতৃত্বে। তাদের ভুলের কারণে জনগণ দলটি থেকে সমর্থন প্রত্যাহার করেছিল। এখন ঝাড়ফুঁক দেওয়ার জন্যও মুসলিম লীগ খুঁজে বের করা কঠিন।
এর আগেও আমাকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছিলেন, আপনি কি পদত্যাগ করবেন? আমি বলেছি, দেশের সার্বিক প্রেক্ষাপট, যারা আমাকে মনোনয়ন দিয়েছে, সেই আমার দলের মতামত নিতে হবে। সবচেয়ে বড় কথা, যাঁরা আমাকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছেন, তাঁদের কাছ থেকে আমি পরামর্শ নেব। সবার আগে আমাকে দেখতে হবে, জাতীয় প্রেক্ষাপট। এমন পরিস্থিতিতে আমি পদত্যাগ করলে জাতীয়ভাবে সেটা কতটা প্রভাব ফেলতে পারবে। দ্বিতীয়ত, যে দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমার নৈতিক দায়িত্ব তাদের সঙ্গে পরামর্শ করা। তৃতীয়ত, আমার নির্বাচনী এলাকার জনগণের মতামত নেওয়া, যাঁরা ভোট দিয়ে আমাকে সংসদে পাঠিয়েছেন। এই তিনটি জায়গাকে আমি অত্যন্ত গুরুত্ব দিই। এই তিনটির সমন্বয়ে চিন্তাভাবনার আলোকে আমি সিদ্ধান্ত নেব।
বিএনপির পদত্যাগের সিদ্ধান্ত কীভাবে দেখেন?
মোকাব্বির খান: বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের পর আমি তাঁদের বলেছি, পদত্যাগ করা আপনাদের অধিকার। কিন্তু আপনারা এভাবে হুট করে পদত্যাগ না করে আপনাদের প্রথম উচিত ছিল, আপনাদের নির্বাচনী এলাকায় যাওয়া। যাঁরা আপনাদের নির্বাচিত করেছেন, তাঁদের মতামত নেওয়া। তারপর আপনাদের পদত্যাগ করা উচিত ছিল।
ওনারা ছয়জন পদত্যাগ করলেন, এতে কি সংসদ অচল হয়ে গেছে? সংসদ কি বাতিল হয়ে গেছে? সংসদ থেকে পদত্যাগ করে তাঁরা কি কোনো ধরনের প্রভাব সৃষ্টি করতে পেরেছেন? বরং ওনারা যদি এখন থাকতেন, এই সময়ে তাঁরা জনগণের পক্ষে, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে অনেক কিছু সংসদে বলতে পারতেন। ভালোই তো তাঁরা বলছিলেন। ওনারা নির্বাচনের তিন মাস আগে পদত্যাগ করতে পারতেন। তখন প্রেক্ষাপট ভিন্ন হতো। এখন যে তথাকথিত বিরোধী দল, তাদের চেয়ে বিএনপির সংসদ সদস্যদের ভূমিকা অনেক বেশি উজ্জ্বল ছিল। জনগণের স্বার্থে বিএনপির সংসদ সদস্যরা ভালো কথা বলছিলেন।
এখন সংসদে যে কয়জন সংসদ সদস্য সক্রিয়, তাঁদের মধ্যে আপনি একজন। সংসদ আসলে কতটুকু কার্যকর? আপনারা যে কথা বলেন, সংশোধনী প্রস্তাব দেন, এসব কতটুকু কার্যকর হয়?
মোকাব্বির খান: আমি যে কথাটা বলি, আমি হালাল ভোটে নির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত। তাই জনগণের প্রতি আমার দায়বদ্ধতা আছে। জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আমি জনগণের কথাটা বলি। আমার দায়িত্বটা আমি পালন করে যাওয়ার চেষ্টা করছি। একজন সংসদ সদস্য তো ২৯৯ জনের বিপরীতে গিয়ে আইন প্রণয়ন আটকাতে পারবে না বা আইন পরিবর্তন করতে পারবে না। তারপরও আমি মানুষের পক্ষে দু-একটা কথা বলি, মানুষের মধ্যে যেন অন্তত এই ধারণা সৃষ্টি হয়—একজন হলেও তাঁদের কথাটা, তাঁদের আকাঙ্ক্ষার কথা সংসদে বলে যাচ্ছে। আমি মনে করি, আর কিছু না হলেও আমি একটা প্রতীকী কাজ করে যাচ্ছি। মানুষের মধ্যে যেন এই বিশ্বাস দৃঢ় হয় যে জনপ্রতিনিধি যদি আসলে জনগণের হয়, তাহলে তাঁরা সংসদে জনস্বার্থে কথা বলবেন। বেশির ভাগ জনপ্রতিনিধি যদি আসলেই জনগণের হন, তখন জনগণের অনুকূলে মানুষের স্বার্থে আইন প্রণয়ন হবে।
সার্বিকভাবে একাদশ জাতীয় সংসদ কতটুকু কার্যকর বলে আপনি মনে করেন?
মোকাব্বির খান: যেখানে ২৯৯ জন সংসদ সদস্য এক পক্ষ, সেখানে সংসদ কতটুকু সফল বা বিফল, আপনিই বলেন।
আপনার দলের তো আরেকজন সংসদ সদস্য আছেন...
মোকাব্বির খান: এটা ওনাকে জিজ্ঞেস করলে ভালো হয়।
এর আগে দেখা গেছে, নির্বাচনের সময় মন্ত্রিসভা ছোট করা হয়েছিল। সেখানে আওয়ামী লীগের বাইরে সংসদে প্রতিনিধিত্ব করছে। অন্য দল থেকে মন্ত্রী করা হয়েছিল। এবার যদি সে ধরনের উদ্যোগ নেওয়া হয় এবং আপনাকে মন্ত্রিত্বের প্রস্তাব করা হয়, আপনি কী করবেন?
মোকাব্বির খান: আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমি একজন যদি সেই মন্ত্রিসভায় যাই, তাহলে কি বিদ্যমান সংকটের সমাধান হওয়ার কি কোনো সুযোগ আছে? আমার কথাটা হচ্ছে, এ ধরনের নির্বাচনকালীন সরকারের চেয়েও বরং যে সমস্যা আছে, সেটার সমাধান নিয়ে চিন্তাভাবনা করা, উদ্যোগ নেওয়া বেশি জরুরি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যাতে মানুষ তাঁর ভোটাধিকার, সাংবিধানিক অধিকার ফিরে পান।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার গুরুত্বপূর্ণ নাকি নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ?
মোকাব্বির খান: দুটিই গুরুত্বপূর্ণ। একটার সঙ্গে আরেকটার যোগসূত্র আছে। সরকারের সহায়তা ছাড়া নির্বাচন কমিশন নির্বাচন করতে পারবে না। আর নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে ভালো নির্বাচন হবে কীভাবে?
তাহলে কি দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন?
মোকাব্বির খান: আমি তো মনে করি, এটাই বড় সমস্যা। সবার সঙ্গে আলাপ–আলোচনার মাধ্যমে, সবার অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। যাতে জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসে। মানুষ যেন অনুভব করে এবং বিশ্বাস করে, আমরা সত্যিকার অর্থে আমাদের প্রার্থীকে নির্বাচিত করতে পারব। এই উদ্যোগ নিতে হবে। এটার কোনো বিকল্প নেই।
সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
মোকাব্বির খান: আপনাকেও ধন্যবাদ।