ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের করমর্দনের (হ্যান্ডশেক) একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি প্রচার করে দাবি করা হচ্ছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান।
প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক
তবে যাচাই করে ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বা সম্পাদিত হওয়ার পক্ষে একাধিক প্রযুক্তিগত প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি নেতানিয়াহুর সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের দাবির সমর্থনে নির্ভরযোগ্য কোনো সংবাদ প্রতিবেদনও পাওয়া যায়নি।
ছবিটির মূল উৎস যাচাই করতে গিয়ে দেখা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক উপলক্ষে প্রকাশিত দুটি ছবির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নেতানিয়াহুর সঙ্গে করমর্দনের ছবিটির দৃশ্যগত মিল রয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় ২৪ সেপ্টেম্বর। বৈঠকটি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়’ নামে ফেসবুক পেজে একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করা হয়।
লিংক: এখানে
সেখানে প্রকাশিত ছবিগুলোর একটিতে শাহবাজ শরিফের সঙ্গে তারেক রহমানকে করমর্দন করতে দেখা যায়। ছবিটির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নেতানিয়াহুর সঙ্গে তারেক রহমানের করমর্দনের ছবিটি তুলনা করে কয়েকটি দৃশ্যগত সাদৃশ্য পাওয়া যায়। উভয় ছবিতেই তারেক রহমানের লালচে টাই, আইডি কার্ড, কাচের দরজার হাতল, পেছনের দৃশ্যপট এবং দুই নেতার অবস্থানের মিল রয়েছে।
এসব দৃশ্যগত মিল থেকে নিশ্চিত হওয়া যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে তারেক রহমানের করমর্দনের মূল ছবিটি সম্পাদনা করে সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি বসানো হয়েছে। অর্থাৎ মূল ছবিতে থাকা শাহবাজ শরিফের অবয়বের পরিবর্তে নেতানিয়াহুর অবয়ব যুক্ত করে ছবিটি তৈরি করা হয়েছে।
ছবিটির এআই-নির্ভর তৈরি বা সম্পাদিত হওয়ার সম্ভাবনা যাচাই করতে হাইভ মডারেশন ও ইমেজ হুইসপেরার নামে দুটি এআই শনাক্তকরণ টুল ব্যবহার করা হয়। টুল দুটির বিশ্লেষণে ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।
এরপর অধিকতর যাচাইয়ে গুগল সিন্থআইডি ব্যবহার করে ছবিটি আরও যাচাই করা হয়। এতে ছবিটির নির্দিষ্ট অংশে ডিজিটাল ওয়াটারমার্কের উপস্থিতি শনাক্ত হয়।
ছবিটির নির্দিষ্ট অংশে সিন্থআইডি শনাক্ত হওয়ার ফলাফল এবং হাইভ মডারেশন ও ইমেজ হুইসপেরারের বিশ্লেষণ একত্রে বিবেচনায় নিলে, ছবিটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত হওয়ার পক্ষে শক্তিশালী প্রমাণ পাওয়া যায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কের স্থানীয় সময় বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলায় বক্তব্য দেন। তাঁর সফরের কর্মসূচি ও অধিবেশনে দেওয়া বক্তব্য নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনেও নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত পাওয়া তথ্যপ্রমাণ অনুযায়ী, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের দাবিটি সমর্থন করার মতো নির্ভরযোগ্য তথ্য নেই। অন্যদিকে প্রচারিত ছবিতে এআই-নির্ভর তৈরি বা সম্পাদনার প্রযুক্তিগত প্রমাণ পাওয়া গেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর ২০২৬ নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন। এর আগে ২০ সেপ্টেম্বর তাঁর সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম সফরের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জানান।
লিংক: এখানে
সংবাদমাধ্যমে প্রকাশিত ওই সংবাদ সম্মেলনের বিবরণ অনুযায়ী, অধিবেশনের ফাঁকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কর্মসূচি ছিল। তবে প্রকাশিত কর্মসূচিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কোনো বৈঠকের উল্লেখ পাওয়া যায়নি।
লিংক: এখানে
এ ছাড়া প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এসব প্রতিবেদনে পাকিস্তানের প্রধানমন্ত্রী, ইরানের প্রেসিডেন্ট, তুরস্কের প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রী, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠকের খবর পাওয়া যায়। তবে নেতানিয়াহুর সঙ্গে তারেক রহমানের বৈঠক বা সাক্ষাতের কোনো নির্ভরযোগ্য সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি।