একই সমাধিতে সিরিল জেমস মূর ও তাঁর প্রেমিকা এডনা। পাশের সমাধিতে এডনার ভাই রোন্যাল্ড চেস্টারটন পটার। মোহনগঞ্জের কুলপতাক ব্যাপ্টিস্ট চার্চের আঙিনায়। সম্প্রতি তোলা
একই সমাধিতে সিরিল জেমস মূর ও তাঁর প্রেমিকা এডনা। পাশের সমাধিতে এডনার ভাই রোন্যাল্ড চেস্টারটন পটার। মোহনগঞ্জের কুলপতাক ব্যাপ্টিস্ট চার্চের আঙিনায়। সম্প্রতি তোলা

অন্য রকম

সমাধিতে লেখা প্রেমের গল্প

প্রেমের এক করুণ স্মৃতি বয়ে বেড়াচ্ছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কুলপতাক গ্রামের একটি ব্যাপ্টিস্ট চার্চ। চার্চের আঙিনায় পাশাপাশি শুয়ে আছেন অস্ট্রেলিয়ার নাগরিক সিরিল জেমস মূর ও এডনা। তাঁদের প্রেমের পরিণতি বিয়েতে রূপ দেওয়ার কথা ছিল। সে জন্য ১৯৪৪ সালে তাঁরা এসেছিলেন নেত্রকোনার মদনের গোবিন্দশ্রী গ্রামের একটি চার্চে, যে চার্চটি ১৯৩৫ সালে প্রতিষ্ঠা করেছিলেন অস্ট্রেলীয় ধর্মযাজক আইসন। কিন্তু বিয়ের গন্তব্যে পৌঁছানোর আগেই হাওরের পানিতে থেমে যায় তাঁদের জীবনযাত্রা। নৌকাডুবিতে প্রাণ হারান মূর, এডনা ও এডনার ভাই অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তা রোন্যাল্ড চেস্টারটন পটার।

ঘটনাটি ১৯৪৪ সালের ২৯ জুলাইয়ের। প্রায় ৮২ বছর পেরিয়ে গেছে। সময়ের সঙ্গে বদলেছে হাওরের জনপদ, বদলেছে মানুষের জীবনযাত্রা। কিন্তু মোহনগঞ্জের কুলপতাক ব্যাপ্টিস্ট চার্চের আঙিনায় থাকা দুটি সমাধি আজও বহন করছে ভালোবাসা, বন্ধুত্ব ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক করুণ ইতিহাস।

মোহনগঞ্জের আদর্শনগর এলাকার শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের পাশের গ্রামীণ সড়ক ধরে প্রায় দেড় কিলোমিটার পথ পেরিয়ে কুলপতাক গ্রামে পৌঁছাতে হয়। গ্রামের সামনে বিস্তীর্ণ ধানখেত। কুলপতাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে বসবাস করেন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষেরা। তাঁদেরই প্রতিষ্ঠিত কুলপতাক ব্যাপ্টিস্ট চার্চের আঙিনায় রয়েছে ওই তিন বিদেশির সমাধি।

প্রেমের এক করুণ স্মৃতি বয়ে বেড়াচ্ছে মোহনগঞ্জের কুলপতাক গ্রামের এ ব্যাপ্টিস্ট চার্চটি। সমাধিতে শ্রদ্ধা জানানোর পর দাঁড়িয়ে ছবি তোলেন চার্চের শিক্ষার্থীসহ পরিচালনা কমিটির লোকজন

বিয়ের উদ্দেশ্যে শেষযাত্রা

চার্চের পুরোহিত, সংরক্ষিত কিছু কাগজ ও স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়ার নাগরিক সিরিল জেমস মূর ও এডনা ময়মনসিংহ অঞ্চলে অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা ধর্মীয় রীতিতে বিয়ে করার সিদ্ধান্ত নেন। এ জন্য বেছে নেন নেত্রকোনার মদনের গোবিন্দশ্রী গ্রামের ব্যাপ্টিস্ট চার্চ। তাঁদের সঙ্গে ছিলেন এডনার ভাই পটার। তিনি অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর হয়ে এ অঞ্চলে দায়িত্ব পালন করছিলেন।

১৯৪৪ সালের ২৮ জুলাই তাঁরা ময়মনসিংহ থেকে গোবিন্দশ্রীর উদ্দেশে রওনা হন। প্রথমে ট্রেনে মোহনগঞ্জে আসেন। এরপর নৌকায় শুরু হয় হাওর পাড়ি দেওয়ার যাত্রা। শাপমারা খাল দিয়ে ডিঙাপোতা হাওর পেরিয়ে আদর্শনগর বাজারের খাল হয়ে ধলাই নদীতে ওঠেন তাঁরা। এরপর বাওয়াইচের হাওর পেরিয়ে গোবিন্দশ্রীর কাছাকাছি পৌঁছানোর সময় বৈরী আবহাওয়ার মুখে পড়ে নৌকাটি।

প্রচণ্ড ঝড়ে নৌকাটি ডুবে যায়। পানিতে তলিয়ে যান মূর, এডনা ও পটার। স্থানীয় ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, তাঁরা সাঁতার জানতেন না। খবর পেয়ে গোবিন্দশ্রী গ্রামের লোকজন নৌকা নিয়ে উদ্ধার করতে ছুটে যান। কিন্তু শেষ পর্যন্ত তিনজনকেই বাঁচানো সম্ভব হয়নি। পরে তাঁদের মরদেহ উদ্ধার করে গোবিন্দশ্রী ব্যাপ্টিস্ট চার্চের পাশে সমাহিত করা হয়।

ব্যাপ্টিস্ট চার্চের গ্যালারিতে বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদের ছবি শোভা পাচ্ছে

গোবিন্দশ্রী থেকে কুলপতাকে

দীর্ঘদিন গোবিন্দশ্রীতে সমাহিত ছিলেন অস্ট্রেলিয়ার তিন নাগরিক। গোবিন্দশ্রী ব্যাপ্টিস্ট চার্চের সদস্যরা প্রায় চার কিলোমিটার দূরে মোহনগঞ্জের কুলপতাক গ্রামে চলে যান। সেখানে নতুন করে চার্চ প্রতিষ্ঠা করা হয়। পরে ১৯৫৮ সালে তিনজনের সমাধি স্থানান্তর করে কুলপতাক চার্চের আঙিনায় নিয়ে আসা হয়। এ তথ্য জানালেন কুলপতাক ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক যিহিস্কেল দাস।

সমাধিফলকে যা লেখা আছে

চার্চের ভেতরে উত্তর পাশে পাশাপাশি রয়েছে অস্ট্রেলিয়ার তিন নাগরিকের সমাধি। একটি সমাধিতে সিরিল জেমস মূর ও এডনাকে একসঙ্গে সমাহিত করা হয়েছে। সমাধিফলকে লেখা আছে ‘প্রভু যীশু সেবক ও সেবিকা’, সিরিল জেমস মূর জন্ম ২৪ মার্চ ১৯১৩, তাঁর পত্নী এডনা জন্ম ১৪ এপ্রিল ১৯১৪। তাঁদের পাশেই আলাদা সমাধিতে রয়েছেন রোন্যাল্ড চেস্টারটন পটার। সেখানে তাঁর জন্ম লেখা আছে ১৪ এপ্রিল ১৯১৪। তিনজনের মৃত্যুর তারিখ লেখা আছে ২৯ জুলাই ১৯৪৪।

চার্চের পুরোহিত বিধুভূষণ মজুমদারের ভাষ্য, সমাধিফলকে এডনাকে মূরের পত্নী বলা হলেও মূলত তাঁরা প্রেমিক-প্রেমিকা ছিলেন। তাঁরা এ অঞ্চলে যিশুর বাণী প্রচার করতে এসেছিলেন। পাশাপাশি স্থানীয় খ্রিষ্টধর্মে দীক্ষিত মানুষদের চার্চে বিয়ের নিয়মকানুন দেখানোরও পরিকল্পনা ছিল। আর এডনা ও পটারের জন্মতারিখ এক হওয়ায় তাঁরা ধারণা করছেন তাঁরা যমজ ছিলেন।