সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ  
ছবি: আইএসপিআর

কাতার সশস্ত্র বাহিনীর বিশেষ আমন্ত্রণে দেশটিতে সফরে গেলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ বুধবার চার দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সফরকালে সেনাপ্রধান কাতার সেনাবাহিনীর আমিরি গার্ড কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হাজ্জা বিন খলিল আল শাওয়ানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে দুদেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তাঁরা।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কাতার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। এ ছাড়া কাতার সশস্ত্র বাহিনীর আমন্ত্রিত দর্শক হিসাবে তিনি বিশ্বকাপ ফুটবল খেলা দেখবেন। এ সফরে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ নেই।

সেনাপ্রধানের উদ্যোগে গত এক বছরে বাংলাদেশ ও কাতার সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্কের অভূতপূর্ব উন্নতি হয়েছে। গতমাসে কাতার সশস্ত্র বাহিনীর সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আগামী ২৭ নভেম্বর দেশে ফিরবেন সেনাপ্রধান।