
সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলায় আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি হয়নি। আগামী ২৬ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ এ আদেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনাল-২–এর অপর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ অসুস্থ থাকায় আজ উপস্থিত হতে পারেননি। তাঁর অনুপস্থিতির কারণে আদালত অবমাননার এ মামলার শুনানি হয়নি।
আদালত অবমাননার এ মামলায় অভিযুক্ত দুই আইনজীবী হলেন মো. হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরী। তাঁরা আজ ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ১৫ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। ট্রাইব্যুনাল-২-এর দেওয়া এই রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত দুই আইনজীবী আদালত অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।
১৬ সেপ্টেম্বর প্রসিকিউশনের ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ এই দুই আইনজীবীকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।