
যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং ইতিহাস ও চলচ্চিত্র–গবেষক রোচনা মজুমদারের নতুন বই ‘আবুল মনসুর আহমদের পূর্ব বাংলা’ প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। আবুল মনসুর আহমদের চিন্তার সূত্র ধরে পূর্ব বাংলার ভাষা, সংস্কৃতি ও ভাষা আন্দোলনকে বিশ্ব-ইতিহাসের প্রেক্ষাপটে পর্যালোচনা করা হয়েছে বইটিতে।
বইটি নিয়ে আগামীকাল সোমবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনের তৃতীয় তলায় একটি প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে লেখক রোচনা মজুমদার উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বইটির ওপর আলোচনা করবেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তৈমুর রেজা এবং প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। আয়োজকেরা জানিয়েছেন, প্রকাশনা অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।