
চট্টগ্রাম নগরের বিমানবন্দর সড়ক এলাকায় বাসের ধাক্কায় রেলওয়ের পয়েন্টসম্যান মো. আজিজুল হকের নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছেন কর্মচারীরা। আজ মঙ্গলবার দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান কার্যালয় চট্টগ্রাম সিআরবিতে মিছিল করেন তাঁরা। এ সময় তাঁরা সহকর্মীর নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
রেলওয়ে পয়েন্টসম্যান কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম প্রথম আলোকে বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের সহকর্মী আজিজুল হক মারা গেছেন। কার গাফিলতি আর ভুলে তাঁর মৃত্যু হয়েছে, তা তাঁরা জানতে চান। এর কারণ খুঁজে বের করে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। না হলে তাঁরা কঠোর কর্মসূচি পালন করবেন। প্রয়োজনে রেল চলাচলও বন্ধ করার কর্মসূচি দেবেন।
গত সোমবার রাত সাড়ে নয়টায় চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বিমানবন্দর সড়কের মেঘনা অয়েলের সামনে ট্রেনের চলন্ত ইঞ্জিনকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই আজিজুল হকসহ তিনজনের মৃত্যু হয়। আজিজুল হক দেড় মাসে আগে রেলওয়ের পয়েন্টসম্যান পদে যোগ দিয়েছিলেন। অন্য দুজন হলেন একটি পোশাক কারখানার কোয়ালিটি সুপারভাইজার আসাদ্দুজামান তোরাব (৩০) ও মিটন কান্তি দে (২৫)।
ট্রেনের ইঞ্জিন আসার সংকেত উপেক্ষা করে বাস চালিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে রেলের কর্মকর্তারা দাবি করেন। এই ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে।