
চিকিৎসাশিক্ষার আধুনিকায়ন, হাসপাতাল ব্যবস্থাপনায় অবদান এবং স্বাস্থ্য খাতে ভূমিকার স্বীকৃতি হিসেবে ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন। অর্থকণ্ঠ ও বিজনেস আমেরিকার ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এনআরবি ওয়ার্ল্ড, বিজনেস আমেরিকা ম্যাগাজিন ও সাপ্তাহিক অর্থকণ্ঠের যৌথ উদ্যোগে সেমিনার ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. আশীষ কুমার চক্রবর্তী দুই দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নৈতিক চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যনীতি সংস্কারে ভূমিকা রেখে আসছেন। তিনি ২০০৪ সালে তৎকালীন আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালে যোগ দেন। পরে তাঁর নেতৃত্বে ২০১৩ সালে প্রতিষ্ঠানটি ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরিত হয়। বর্তমানে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও ইউনিভার্সেল নার্সিং কলেজসহ প্রতিষ্ঠানটি একটি স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক হিসেবে পরিচালিত হচ্ছে।
আশীষ কুমার চক্রবর্তী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। ডা. আশীষ কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার উচালিয়া পাড়ার প্রয়াত আশুতোষ চক্রবর্ত্তী ও পূষ্প চক্রবর্ত্তীর ছেলে।
অনুষ্ঠানে ‘রোল অব নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) সায়েন্টিস্টস ইন অ্যাডভান্সিং বায়োটেক অ্যান্ড বায়োসিমিলার ড্রাগস ইন বাংলাদেশ’স ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি’ শীর্ষক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ‘১০০ হেলথকেয়ার টাইটানস অব বাংলাদেশ’ শীর্ষক একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও ওষুধশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানী, নীতিনির্ধারক, করপোরেট প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।