
নানান আয়োজনের মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্থাপত্য বিভাগের রজতজয়ন্তী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ‘ওল্ড ঢাকা’ এবং ‘ইউএপি একোলেডস’ শীর্ষক প্রদর্শনী উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের সদস্য কাইয়ুম রেজা চৌধুরী, এম আবু তাহের, মাহবুবা হক, উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, সহ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান মাহমুদ, স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ডিজাইনের ডিন অধ্যাপক আবু সাঈদ মোশতাক আহমেদ, স্থাপত্য বিভাগের প্রধান নবনীতা ইসলাম প্রমুখ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে ইউএপির স্থাপত্য বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অর্জন নিয়ে সংকলিত বই ‘ইউএপি একোলেডস’–এর মোড়ক উন্মোচিত হয়।
খ্যাতিমান স্থপতি মাজহারুল ইসলামের আর্কাইভ রয়েছে ইউএপি স্থাপত্য বিভাগে। মাজহারুল ইসলামের ১০০তম জন্মদিনে আগামী ২৫ ডিসেম্বর ইউএপির স্থাপত্য বিভাগ প্রকাশ করতে যাচ্ছে মাজহারুল ইসলামের কাজ নিয়ে দুটি বই। সেই বইয়ের মলাট উদ্বোধনও করা হয় এ আয়োজনে।
অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা স্মৃতিচারণা করেন। এ সময় সংগীত পরিবেশন করেন বাপ্পা মজুমদার।
১৯৯৭ সালে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্থাপত্য বিভাগের যাত্রা শুরু হয়। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। এখন পর্যন্ত প্রায় ৬০০ গ্র্যাজুয়েট সুনামের সঙ্গে দেশ-বিদেশে কর্মরত।