১৩ জেলায় ইয়ামাহার রাইডিং ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন

মুন্সিগঞ্জ থেকে ইয়ামাহা ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিতে এসেছেন মা খুশবু আক্তার আর মেয়ে মেগা খান
ছবি: তারিকুর রহমান খান

শীতের মিষ্টি রোদে বাইকারদের পদচারণে মুখর রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিজি প্রেস মাঠ। কেউ নির্দিষ্ট সার্কেলের মধ্যে বাইক চালাচ্ছেন। কেউবা শিখে নিচ্ছেন ট্রাফিকের নিয়মকানুনগুলো। তাঁদের মধ্যে বেশির ভাগই নারী। তেমনই একজন জান্নাতুল লতিফ। চাকরি করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে। তাঁর অফিস গুলশান আর বাসা কাঁঠালবাগানে। অফিসের উদ্দেশে প্রতিদিন সকালে বাসা থেকে বের হওয়ার সময় মাথায় নানা রকম দুশ্চিন্তা ঘুরপাক করতে থাকে।

কী দুশ্চিন্তা? জানতে চাইলে জান্নাতুল লতিফা বলেন, ‘বাসে উঠতে পারব তো? সিএনজি পাব তো? মাত্রাতিরিক্ত ভাড়া চাইবে না তো? সময়মতো অফিসে যেতে পারব তো? এমন অনেক প্রশ্ন মাথাই নিয়েই প্রতিদিন রাস্তায় বের হই।’ এ রকম দুশ্চিন্তা থেকে মুক্তি পেতেই স্কুটি চালানো শিখছেন তিনি।

ইয়ামাহার প্রশিক্ষণ সেন্টারে স্কুটার চালানো শিখতে আসা জান্নাতুল লতিফের মতে, নিজের স্কুটার থাকা মানে আপনি স্বাধীন। কোনো ঝামেলা ছাড়াই চলাচল করতে পারবেন শহরময়।

প্রায় পাঁচ বছর ধরে ইয়ামাহা নতুনদের জন্য বাইক ও স্কুটার চালানো শেখানোর এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। তিন বছর ধরে এ কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন নাসরিন খাতুন তাজ। তিনি বলেন, ‘নানা বয়সী মানুষ এখানে প্রশিক্ষণ নিচ্ছেন। এমনও হয়েছে, প্রথমে স্বামী বাইক চালানো শিখতে এসেছেন, এরপর স্ত্রী ও সন্তানকে এই ট্রেনিংয়ের মাধ্যমে চালানো শেখাতে নিয়ে এসেছেন।’

জাপানের প্রশিক্ষকদের কাছ থেকে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেইনার নারীদের হাতেকলমে স্কুটি চালানো শেখাচ্ছেন

ইয়ামাহার সঙ্গে যাত্রার শুরু থেকেই এসিআই মোটরস সড়ক ও চালকদের নিরাপত্তা নিয়ে কাজ করে আসছে। যার মধ্যে ইয়ামাহা রাইডিং একাডেমি অন্যতম। এ পর্যন্ত একাডেমিটি সাড়ে পাঁচ হাজারের বেশি চালককে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিয়েছে। যাঁদের মধ্যে নারী চালকের সংখ্যা উল্লেখযোগ্য। ইতিমধ্যে এই ট্রেনিং একাডেমিটি বাইকপ্রেমীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। কারণ, দেশে প্রাতিষ্ঠানিক পর্যায়ে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণের ব্যবস্থা অপ্রতুল। সেদিক বিবেচনায় ইয়ামাহা রাইডিং একাডেমি যথেষ্ট সমৃদ্ধ।

এই কার্যক্রমে যাঁরা প্রশিক্ষণ প্রদান করছেন, তাঁরা জাপানের প্রশিক্ষকদের কাছ থেকে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। তেমনই একজন কবিতা সানা। তিনি জানান, ‘যাঁরা এখানে চালানো শিখতে আসেন, তাদের বেশির ভাগই কোনো দিন বাইসাইকেলও চালানি। কিন্তু তাঁদের শেখার আগ্রহ প্রচুর। আমরা হাতেকলমে তাঁদের শেখানোর চেষ্টা করি। চারটি ক্লাসের মধ্যে প্রায় সবাই প্রাথমিকভাবে চালানো শিখে ফেলেন। প্রতি শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়।’

ট্রেনিং কার্যক্রমের পরিধি বাড়াতে ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেয় এসিআই মোটরস। গত শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ের বিজি প্রেস মাঠে ইয়ামাহা রাইডিং ট্রেনার কার্যক্রমের আওতায় দেশের ১৩টি জেলার ১৩ জন বাইক প্রশিক্ষকের হাতে ইয়ামাহা স্যালুটো ইউবিএস ১২৫ সিসি মডেলের মোটরসাইকেল তুলে দেওয়া হয়। যাঁরা জেলা পর্যায়ে নামমাত্র ফিতে আগ্রহী ব্যক্তিদের মোটরসাইকেল চালানোসহ সড়ক নিরাপত্তা-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবেন। এ প্রশিক্ষণ সড়ক নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা রোধে বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা।

প্রশিক্ষণ নিতে আসা নারীদের ট্রাফিক আইন সম্পর্কে জানাচ্ছেন প্রশিক্ষকেরা

এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. আসিফ রায়হানসহ এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে সুব্রত রঞ্জন দাস বলেন, ‘আমাদের দেশে নারী বাইকারদের চালানো শেখার সুযোগ কম। তাই ইয়ামাহা শুরু থেকে নারী বাইকারদের চালানো শেখানোর বিষয়ে গুরুত্ব দিয়ে আসছে। আমরা নারীদের দক্ষ প্রশিক্ষকদের দিয়ে চালানো শেখানোর ব্যবস্থা করছি। একই সঙ্গে সারা দেশের বাইকারদের সচেতন করার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি।’

নারীদের পাশাপাশি পুরুষের জন্যও প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ইয়ামাহা

বুয়েট শিক্ষক মো. আসিফ রায়হান বলেন, ‘নিয়ম মেনে সচেতন হয়ে বাইক চালাতে হবে। কারোরই অযথা দ্রুতগতিতে বাইক চালানো উচিত নয়। একটি দুর্ঘটনা নিজের পাশাপাশি একটি পরিবারকে ধ্বংস করে দেয়। তাই যখন আপনি বাইক নিয়ে রাস্তায় নামবেন, তখন নিজেকেই সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে।’

প্রসঙ্গত, বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র পরিবেশক ও যৌথ কারিগরি সহযোগী (টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার) এসিআই মোটরস। এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে যাত্রা শুরু করে এসিআই মোটরস। বর্তমানে সারা দেশে এর ৯৯টির বেশি ‘থ্রিএস ডিলার পয়েন্ট’ রয়েছে।