
যে বিষয় নিয়ে কেউ কথা বলেন না, সেটি নিয়ে বললেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। কথাটি হলো প্রাইভেট কার নিয়ে স্কুলে যাওয়া যাবে না। যেতে হবে স্কুলবাসে। সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় স্কুলবাস চালু হবে।
উদ্যোগটি দারুণ। সিটি করপোরেশন সফল হবে বলে আশা করি। তবে তাদের সফলতা নিয়ে আশাবাদী হতে পারছি না। কেন, একটু অতীতে তাকাই।
২০১৮ সালের ৭ জুন তখনকার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের যে বাজেট ঘোষণা করেন, সেখানে স্কুলবাস আমদানিতে করছাড় দেওয়ার বিষয়টি বিবেচনার ঘোষণা দেন। কথা ছিল, স্কুল কর্তৃপক্ষ অথবা সংশ্লিষ্ট সংস্থা আবেদন করলে করছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তবে এরপর আর কিছু হয়েছিল বলে জানা যায় না।
অর্থমন্ত্রী চিন্তাটি করেছিলেন ঢাকার যানজট পরিস্থিতির কথা বিবেচনা করে। সেই পরিস্থিতির দিন দিন অবনতিই হচ্ছে।
উপশিরোনামটি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস থেকে ধার করা। ২০১৬ সালে সংবাদমাধ্যমটির প্রতিবেদক জডি রোজেন বাংলাদেশে এসেছিলেন।
এই বছর ২৩ সেপ্টেম্বর ‘ঢাকার যানজট শেষ হওয়ার নয়’ শিরোনামে একটি প্রতিবেদন নিউইয়র্ক টাইমসে প্রকাশিত হয়। এতে প্রতিবেদক লেখেন, ‘ভারতের মুম্বাই, মিসরের কায়রো বা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মতো শহরের খুব খারাপ যানজট পরিস্থিতিও তুলনামূলকভাবে ঢাকার রাস্তার গাড়িচালকদের কাছে একটা ভালো দিনের মতো মনে হবে।’
ঢাকার এই যানজটের মধ্যে গণপরিবহন বাড়ছে না, বাড়ছে প্রাইভেট কার। যার কোনোরকম সামর্থ্য হচ্ছে, তিনিই প্রাইভেট কার কিনছেন। ভর্তুকি মূল্যে গ্যাস প্রাইভেট কার চালানোকে সাশ্রয়ী করেছে।
এই শহরে গাড়ি বাড়তে থাকলে তিনতলা রাস্তা করেও যে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, সেটা নীতিনির্ধারকেরা জানেন। এ কারণেই হয়তো ২০১৬ সালের ২২ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের এক অনুষ্ঠানে বলেছিলেন, সড়ক পরিবহনবিষয়ক নতুন আইনে ব্যক্তিগত, পরিবারপ্রতি গাড়ি ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। গাড়ির ব্যবহার সীমাবদ্ধ করতে হবে। আইনে বাধ্যবাধকতা থাকবে।
নতুন সড়ক আইন পাস হয় ২০১৮ সালে। এর ২৩ ধারায় বলা হয়েছে, সরকার কোনো ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান বা কোনো এলাকার জন্য মোটরযান নিবন্ধনের সংখ্যা বা সীমা নির্ধারণ করতে পারবে।
আইনের এই ধারার প্রয়োগ দেখা যায় সিএনজিচালিত অটোরিকশার ক্ষেত্রে। সরকার ঢাকায় অটোরিকশা বাড়তে দেয় না, দেড় কোটি মানুষের শহরে অটোরিকশা সীমিত রাখা হয়েছে ১৩ হাজারে। এ কারণে ৫ লাখ টাকার অটোরিকশার দাম নিবন্ধন থাকলেই হয়ে যায় ১৫ লাখ টাকা। যাত্রীকে ভাড়া দিতে হয় দ্বিগুণ-তিন গুণ। গত বৃহস্পতিবারও জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শেওড়াপাড়ায় গিয়েছি ২৫০ টাকা দিয়ে, অথচ মিটারে ভাড়া এসেছে মাত্র ৮৬ টাকা।
যা-ই হোক, গাড়ি নিয়ন্ত্রণে সরকার কোনো উদ্যোগই নেয়নি। ঢাকার যানজট দিন দিন বাড়ছেই। ২০১৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের করা সমীক্ষায় এসেছে, যানজটের কারণে ঢাকার যানবাহনের গতি ঘণ্টায় গড়ে পাঁচ কিলোমিটার, যা হাঁটার গতির সমান।
ঢাকার মধ্যবিত্ত একটি পরিবারের জন্য গাড়ি পোষা সহজ বিষয় নয়। এটা অনেক ব্যয়ের বিষয়। তারপরও মানুষ গাড়ি কেনে, কারণ এ শহরে গণপরিবহনে স্বাচ্ছন্দ্য বলতে কিছু নেই। বাসসেবা নিকৃষ্ট, অটোরিকশায় চলাচল চালকের মর্জির ওপর নির্ভর করে, শরিকি যাত্রা বা রাইড শেয়ারিংয়ের গাড়ি অত্যন্ত ব্যয়বহুল।
বেশির ভাগ পরিবার গাড়ি কেনে সন্তানকে স্কুলে পাঠানোর জন্য। কারণ, সন্তানকে স্কুলে পাঠানোর জন্য উপযোগী কোনো যানবাহন এই শহরে নেই। রিকশায় ঝুঁকি রয়েছে; অটোরিকশা পাওয়া সম্ভব নয়, পেলেও ভাড়া দ্বিগুণ; শিশুদের নিয়ে বাসে ওঠাই যায় না। স্কুলগুলোর স্কুলবাসও নেই। ব্যবস্থা যদি না থাকে, তাহলে মানুষ গাড়ি কিনবে না কেন, কেন সন্তানকে প্রাইভেট কারে স্কুলে পাঠাবে না?
সন্তানকে স্কুলে পাঠানোর জন্য একটু সচ্ছল পরিবারই গাড়ি কিনছে, ওদিকে ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হয়ে উঠেছে যানজটের কেন্দ্র। বড় স্কুলগুলোর সামনে সকালে এবং ছুটির সময় শত শত প্রাইভেট কার ভিড় করে। সেই সড়ক দিয়ে চলাচল অসম্ভব হয়ে পড়ে।
মেয়র আতিক সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় স্কুলবাস চালুর কথা বললেও সেটা সীমিত পর্যায়ে থাকবে বলেই আশঙ্কা। বিস্তৃতভাবে এই সেবা চালু করলে, সেটা স্কুলকে দিয়ে করাতে হবে। স্কুলগুলো যাতে বাস কেনে, সেই ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে স্কুলগুলোকে বাস কিনতে বিশেষ করছাড় দেওয়া যায়।
জেনে নিই স্কুলবাসে কর কত? পুরোনো গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার সাবেক সভাপতি আবদুল হক এই লেখককে জানান, স্কুলবাস হিসেবে ব্যবহার উপযোগী বাস আমদানিতে এখন করভার মোট ৩৭ শতাংশ। জাপান থেকে পাঁচ বছরের পুরোনো গাড়ি আমদানি করা যায়।
এতে একেকটি বাসের দাম পড়বে ৪৫ থেকে ৫০ লাখ টাকা। তবে ১০ বছরের পুরোনো বাস আমদানি করলে ২৫ থেকে ৩০ লাখ টাকায় আনা সম্ভব। করভার কমিয়ে দিলে দাম আরও কমবে। এ ছাড়া চেসিস (ইঞ্জিনসহ মূল কাঠামো) আমদানি করে দেশেই বাস তৈরি করলে খরচ অনেক কম পড়বে।
ঢাকার স্কুলগুলোতে যদি স্কুলবাস চালু হয়, তাহলে সীমিত আয়ের অভিভাবকদের চেয়ে বেশি খুশি কেউ হবেন না। কারণ, স্কুলবাস তাঁদের খরচ কমিয়ে দেবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে।
আমার সন্তানকে রিকশায় করে কয়েক কিলোমিটার দূরে স্কুলে নিয়ে যান তার মা। গিয়ে দুই ঘণ্টা বসে থাকেন। এতে খরচ হয় দিনে ১৬০ থেকে ১৮০ টাকা। মাসে সাড়ে ৩ হাজার ৭০০ টাকা। আমার ধারণা, স্কুলবাসে খরচটি অর্ধেকে নামবে। আর সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার দুশ্চিন্তা ও বসে থেকে সময় নষ্ট হবে না।
অভিভাবকদের অনেকে সন্তানকে স্কুলবাসে স্কুলে পাঠাতে দুশ্চিন্তায় ভুগতে পারেন। এই মানসিকতা ত্যাগ করা উচিত। সন্তানকে স্বাবলম্বী ও সাহসী হওয়ার শিক্ষাটা শিশুকাল থেকে দেওয়া উচিত। সন্তান যদি একা পথ চলতেই না পারে, তাহলে নেতৃত্ব দেবে কি করে। ভবিষ্যতে বাংলাদেশে শিক্ষিত তরুণের অভাব হবে না, অভাব হবে সৃজনশীল, নেতৃত্ব গুণসম্পন্ন ও উদ্যোগী মনোভাবের তরুণের। এখনই দেশে বেকারত্বের হার উচ্চশিক্ষিতদের মধ্যে সবচেয়ে বেশি।
বাস আমদানির শুল্ককর নিয়ে কথোপকথনের সময় আবদুল হক জানালেন, তিনি দেখেছেন জাপানে শিশুরা দল বেঁধে মেট্রোরেলে চড়ে স্কুলে যায়। সেখানে শিশুদের একেবারে ছোট থেকে স্বাবলম্বী করার ওপর জোর দেওয়া হয়। ভারতের আগরতলায়ও তিনি শিশুদের স্কুলবাসে স্কুলে যাওয়া দেখেছেন উল্লেখ করে বলেন, বাংলাদেশের মতো কোথাও এমন প্রাইভেট কার নিয়ে সন্তানদের স্কুলে নিয়ে যায় না।
একই স্কুলে একটি শিশু যায় প্রাইভেট কারে, আরেকটি যায় রিকশায়—এটা একটু দৃষ্টিকটুও। এই প্রবণতা মা–বাবাকে দুর্নীতিতে উৎসাহিত করে কি না, সরকারি প্রতিষ্ঠানে প্রকল্পের গাড়ি জমা না দিয়ে ব্যক্তিগত ব্যবহারে উৎসাহিত করে কি না, সেটাও ভেবে দেখা দরকার।
শিশুদের বিদ্যালয়ে নির্ধারিত পোশাক থাকে, যাতে সমতা রক্ষা হয়, সেটা স্কুলে যাওয়ার ক্ষেত্রেও হোক। মেয়র আতিকুল ইসলামের উদ্যোগকে সমর্থন জানাই। শিশুদের জন্য স্কুলবাস চালু হোক। সরকার সব উপায় ব্যবহার করে উদ্যোগটি সফল করুক।