আদালত
আদালত

স্ত্রী-সন্তানসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তাঁর স্ত্রী পারভীন চৌধুরী এবং ছেলে রাশেদুল ইসলামের নামে থাকা ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, অবরুদ্ধ করা ৮১টি ব্যাংক হিসাবের মধ্যে মোফাজ্জল হোসেনের নামে ১৬টি, পারভীনের ৩৬টি ও রাশেদুলের ২৯টি ব্যাংক হিসাব রয়েছে।

দুদকের উপপরিচালক মোজাম্মিল হোসেন সাবেক মন্ত্রী মায়া, তাঁর স্ত্রী ও ছেলের নামে ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা অন্য কোনো উপায়ে মালিকানা পরিবর্তন করে তাঁদের দেশ ছেড়ে আত্মগোপনে যাওয়ার আশঙ্কা রয়েছে। অনুসন্ধানটি চলমান অবস্থায় যাতে এসব অর্থ বেহাত না হতে পারে, সে জন্য ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।