চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষ এই সংঘর্ষে জড়ায়।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংঘর্ষ শুরু হয়। পরে রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরেরা ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক। দুপক্ষ হলে অবস্থান করছে।

গতরাতে এ সংঘর্ষের ঘটনায় জড়িত একটি পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি)। অপর পক্ষটি চট্টগ্রাম সিটি করপোরেশেনর সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।এই পক্ষের নাম সিক্সটি নাইন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নীলফামারী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নীলফামারী জেলা ছাত্র বান্ধব’–এর নেতৃত্ব নিয়ে প্রায় এক বছর আগে সমুদ্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও সিএফসির অনুসারী রাশেদ কোরানীর সঙ্গে সিক্সটি নাইনের অনুসারী সংস্কৃত বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী কাজল রায়ের কথা-কাটাকাটি হয়। সে সময় রাশেদ কোরানীর বিরুদ্ধে কাজলকে মারধরের অভিযোগ উঠেছিল।

রাশেদ কোরানীর সম্প্রতি স্নাতকোত্তর পাস করেছেন। কয়েকদিনের মধ্যে তাঁর ক্যাম্পাস ছেড়ে যাওয়ার কথা বলে জানা গেছে। এর মধ্যে গতকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় রাশেদের সঙ্গে কাজলের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতিও হয়।

ঘটনা জানাজানি হলে সিক্সটি নাইনের নেতা–কর্মীরা শাহজালাল হলের সামনে লাঠি ও রামদা হাতে অবস্থান নেন। আর সিএফসির নেতা–কর্মীরা অবস্থান নেন শাহ আমানত হলের সামনে। এ দুটি হল পাশাপাশি। এক পর্যায়ে উভয় পক্ষের নেতা–কর্মীরা একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে সিক্সটি নাইট উপপক্ষের তিনজন আর সিফসি উপপক্ষের তিনজন আহত হন।

বৃহস্পতিবার রাতের সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে সিএফসির অনুসারী রাশেদ কোরানী প্রথম আলোকে বলেন, এক বছর আগে কাজল তাঁর সঙ্গে অসদাচরণ করেছিল। এ কারণে তিনি রেগে গিয়ে কাজলকে থাপ্পড় দিয়েছিলেন। পরে এ ঘটনার সালিশও হয়েছিল। তবে আজ কাজল তাকে দেখে হঠাৎ করে হামলা করেন। দলবল নিয়ে এসে মারধরও করেন।তিনি এই ঘটনার বিচার চান।

তবে অভিযোগ অস্বীকার করে সিক্সটি নাইনের কর্মী কাজল রায় প্রথম আলোকে বলেন, রাশেদ তাঁর সঙ্গে বিভিন্ন সময় অসদাচরণ করে। আজও করেছে। এ নিয়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়েছে।