
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ঢাকায় দায়িত্ব পালনের অভিজ্ঞতা চিরকাল স্মৃতিতে অম্লান থাকবে। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তাঁর দপ্তরে বিদায়ী সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। পাশাপাশি আগামী দিনে দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তাঁরা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাত্রা যোগ করেছে, যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুত্বের সাক্ষ্য বহন করে।
গত বছর ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় যথাযথ ভূমিকা রাখার জন্য ভারতীয় হাইকমিশনারকে কৃতিত্ব দেন এ কে আব্দুল মোমেন। এ ছাড়া ২০২১ সালের ৬ ডিসেম্বর মৈত্রী দিবস যৌথভাবে উদ্যাপনে বিক্রম দোরাইস্বামীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন তিনি।
বাংলাদেশে দায়িত্ব পালনের সময় সহায়তা ও সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান বিক্রম দোরাইস্বামী। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে চলমান সহযোগিতার কারণে অসামান্য দ্বিপক্ষীয় সম্পর্ক একটি উল্লেখযোগ্য সম্পর্কে পরিণত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি শক্তিশালী আঞ্চলিক উদ্যোগের ওপর জোর দেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ও যথেষ্ট সহযোগিতা ভাগ করে নেয়। দুই দেশ যদি একসঙ্গে কাজ করতে পারে, তবে সেটি দুই দেশের জনগণের জন্য উপকার হবে। সামগ্রিকভাবে এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতেও অবদান রাখবে।