অসদাচরণের জন্য দণ্ড পেলেন এক জ্যেষ্ঠ সহকারী সচিব

অসদাচরণের জন্য ‘তিরস্কার’সূচক লঘুদণ্ড পেলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক উপপরিচালক (জ্যেষ্ঠ সহকারী সচিব) মোহাম্মদ নুর হোসেন। তিনি বিনা অনুমতিতে প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থেকেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এক প্রজ্ঞাপনে এই শাস্তির কথা জানিয়েছে। এতে বলা হয়, বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক উপপরিচালক মোহাম্মদ নুর হোসেন ২০২০ সালের ২৭ অক্টোবর কমিশনে যোগ দেন।

কিন্তু যোগ দেওয়ার পর থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে প্রায়ই অফিসে অনুপস্থিত থেকেছেন। তিনি ২০২১ সালের ১৭ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এতে দাপ্তরিক কাজে ব্যাঘাত সৃষ্টি হয়।

এ ছাড়া তাঁকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে বদলি করা হলেও তিনি যোগ দেননি এবং কর্মস্থলে উপস্থিত হননি, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ। এ বিষয়ে বিভাগীয় মামলা হলে তাঁর বিরুদ্ধে ওঠা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়। এ জন্য সামগ্রিক বিচারে তাঁকে দণ্ড আরোপের সিদ্ধান্ত হয়।