চবিতে ছাত্রলীগের এক পক্ষের কর্মীর মাথা ফাটাল আরেক পক্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রথম আলো ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের এক পক্ষের কর্মীকে মারধরের পর মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে আরেক পক্ষের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ রোববার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ঝুপড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ওই ছাত্রলীগ কর্মীর নাম দিদারুল আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের বিজয় উপপক্ষের কর্মী হিসেবে পরিচিত। মারধর ও ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত নেতা-কর্মীরা শাখা ছাত্রলীগের উপপক্ষ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ারের (সিএফসি) বলে জানা গেছে।

আহত হওয়ার পর দিদারুল আলম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র থেকে চিকিৎসা নিয়েছেন। জানতে চাইলে চিকিৎসাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব বলেন, দিদারুলের মাথায় লাঠিসোঁটা-জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এতে মাথা ফেটে রক্তক্ষরণ হয়েছে। এ ছাড়া ঘাড় ও পিঠে আঘাতের চিহ্ন ছিল।

জানতে চাইলে দিদারুল আলম প্রথম আলোকে বলেন, ‘সিএফসি উপপক্ষের কয়েক নেতা-কর্মী তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়েছেন। তবে কেন তাঁকে মারধর করেছেন, এ বিষয়ে এখনো তিনি নিশ্চিত নন। মারধরের পর তাঁর মুঠোফোন নিয়ে গেছেন সিএফসির নেতা-কর্মীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতি দীর্ঘদিন ধরেই দুটি পক্ষে বিভক্ত। একটি পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী এবং আরেকটি পক্ষ সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। এ দুই পক্ষ আবার ১১টি উপপক্ষে বিভক্ত। বিবদমান বিজয় ও সিএফসি মহিবুলের আর বাকি ৯টি নাছিরের অনুসারী।

জানতে চাইলে সিএফসির উপপক্ষের নেতা ও শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক প্রথম আলোকে বলেন, তিনি মারধরের বিষয়টি শুনেছেন। কে বা কারা জড়িত, এটি চিহ্নিত করে বিচার করার জন্য তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাবেন। আর অভিযুক্ত কেউ যদি ছাত্রলীগের পদে থাকেন, তাহলে তিনি সাংগঠনিক ব্যবস্থা নেবেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এস এম জিয়াউল ইসলাম প্রথম আলোকে বলেন, এক শিক্ষার্থী মুঠোফোনে তাঁকে বিষয়টি জানিয়েছেন। ভুক্তভোগী ওই ছাত্রকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। এরপর তাঁরা জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।