‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা’য় অংশ নেওয়া কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ফ্যান্টাসি কিংডম, ৩১ জানুয়ারি
‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা’য় অংশ নেওয়া কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ফ্যান্টাসি কিংডম, ৩১ জানুয়ারি

শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা

জয় হবে, বাংলাদেশের জয়

‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা’য় অংশ নেওয়া প্রজন্মের কৃতী শিক্ষার্থীরা দৃঢ় প্রত্যয়ে ঘোষণা দিয়েছে, বাংলাদেশ আর কোনো ক্ষেত্রেই পিছিয়ে থাকবে না। দেশকে এগিয়ে নিতে তারা সর্বোচ্চ আত্মশক্তি নিয়োগ করবে। গলা ফাটিয়ে তারা চিৎকার করেছে, ‘জয় হবে, বাংলাদেশের জয়।’

আজ মঙ্গলবার সারা দিন আনন্দ উৎসব করে শিক্ষার্থীরা। তারা সেই উৎসবের আনন্দের মধ্যেই আজ প্রত্যয়ের কথাও জানায়। আজ দুপুরের খাবারের পর উৎসব মঞ্চের অনুষ্ঠান জমজমাট হয়ে উঠেছিল জনপ্রিয় শিল্পীদের গান, বিনোদনজগতের তারকাদের কথোপকথন আর অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যের ভেতর দিয়ে।

প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কথাশিল্পী আনিসুল হক। তিনি বলেন, ‘আমরা চাই, আমাদের দেশ এগিয়ে যাক, আলোকিত হোক। সে জন্য আগে নিজেদের আলোকিত হতে হবে। নিজেরা নিজেকে শিক্ষা, সংস্কৃতি, মানবিক মূল্যবোধে আলোকিত করে তুললেই দেশ আলোকিত হবে।’

আলোচনা পর্বে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপাচার্য তানভীর হাসানকে মঞ্চে নিয়ে আসেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক কবি সাজ্জাদ শরিফ।

রাশেদা কে চৌধূরী শিক্ষার্থীদের বলেন, ‘তোমরা সফল হয়েছে, কিন্তু তোমাদের বয়সী অনেকেই এখন জীবিকার জন্য কঠিন যুদ্ধ করছে। অনেক বালিকা, কিশোরীর বিয়ে হয়ে যাচ্ছে স্কুলের পড়া শেষ করার আগেই। তোমাদের তাদের কথাও ভাবতে হবে।

তাদের জন্য তোমাদের কিছু করতে হবে। কেবল একার সাফল্য নিয়ে ভাবলে চলবে না।’ তিনি বলেন, ‘তোমাদের সাফল্যের পেছনে তোমার পরিবারসহ আরও অনেকের অবদান আছে।’ তিনি শিক্ষার্থীদের বলেন, ‘ভবিষ্যতে যে যেখানেই কাজ করো না কেন, কখনো ঘুষ–দুর্নীতির সঙ্গে যুক্ত হবে না, পরিবেশদূষণ করবে না। আর নিজের ধর্মকে অন্তর দিয়ে লালন করার পাশাপাশি অন্যের ধর্মকে অসম্মান করবে না।’

পারভীন হাসান শিক্ষার্থীদের বলেন, ‘তোমাদের সামনে প্রায় পুরো জীবনটাই পড়ে আছে। জীবনে নতুন কিছু করতে কখনো সংকোচ করবে না। নতুন অভিজ্ঞতা সঞ্চয় করবে। আর কখনো নকল করবে না, অনুকরণ করবে না, প্রতিহিংসাপরায়ণ হবে না। যেটাই করবে, পুরো মন দিয়ে করবে।’

মঞ্চে (বাঁ থেকে) গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপাচার্য তানভীর হাসান

তানভীর হাসান তাঁর ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘জীবনে যে ক্ষেত্রেই কাজ করো, যা–ই হও না কেন, সব সময় সেই ক্ষেত্রে সেরা হওয়ার, শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করবে। তবে শুধু কাগজে–কলমে প্রথম হলে চলবে না, মানবিকতায়ও শ্রেষ্ঠ হতে হবে। ব্যর্থতা এলে ঘুরে দাঁড়াতে হবে। মনে রাখবে, জীবন ১০০ মিটার দৌড় নয়, এটা এক দীর্ঘ ম্যারাথন। সেই প্রস্তুতি নিয়ে এগোতে হবে।’

সাজ্জাদ শরিফ শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি অন্য বিভিন্ন বিষয়ের বই, পত্রপত্রিকা পড়তে উৎসাহ দেন। তিনি বলেন, ‘দেশের যোগ্য নাগরিক হতে হলে তোমাদের দেশকে ভালো করে জানতে হবে। মানুষকে জানতে হবে। মানুষের কাছে যেতে হবে।’

প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান শিক্ষার্থীদের মাদক, মুখস্থ ও মিথ্যার প্রতি ‘না’ বলার অঙ্গীকার করান। আলোচনায় অংশ নিয়ে উৎসবের সহযোগী ‘শিখো’র সহপ্রতিষ্ঠাতা জিসান জাকারিয়া শিক্ষার্থীদের নিয়মানুবর্তী হওয়ার পরামর্শ দেন।
কনর্ডের নির্বাহী পরিচালক অনুপ কুমার সরকার শিক্ষার্থীদের অভিনন্দন জানান। শিক্ষার্থীদের মধ্যে আলোচনায় অংশ নেয় সাবিহা জামাল।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান শিক্ষার্থীদের বলেন, ‘আমরা কী চাই?’ সমস্বরে উত্তর এল, ‘বাংলাদেশের জয়।’ তিনি বলেন, ‘শুধু ক্রিকেটে নয়, প্রতিটি ক্ষেত্রে, সব সময় আমাদের চাওয়া, আমাদের লক্ষ্য বাংলাদেশের জয়। এটা একটা যুদ্ধের মতো। তোমারই দেশের ভবিষ্যৎ, তোমরাই শক্তি। এই যুদ্ধে তোমাদের বিজয়ী হতে হবে। আর যে মা-বাবা, শিক্ষক তোমাদের জন্য অনেক পরিশ্রম, অনেক কষ্ট করেছেন, তাঁদের সব সময় সম্মান করতে হবে। বড় হয়ে তাঁদের পাশে থাকতে হবে।’ তিনি মা-বাবা, শিক্ষক, অভিভাবকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ফ্যান্টাসি কিংডমে কৃতী শিক্ষাথীদের সংবর্ধনায় মঞ্চে অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী আফসান আরা বিন্দু

জমকালো সাংস্কৃতিক আয়োজন

সাংস্কৃতিক আয়োজন আর আলোচনা একই সঙ্গে চলেছে মঞ্চে। আলোচনার ফাঁকে ফাঁকে ছিল গান, তারকাদের প্রেরণামূলক কথোপকথন। গানের পালা শুরু করেছিলেন শিল্পী ঋতুরাজ ও নন্দিতা ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’ দিয়ে। পরে তাঁরা পরিবেশন করেন ‘বাগিচায় বুলবুলি তুই’ গানটি। এরপর কোনাল গেয়ে শুনিয়েছেন ‘ভালোবাসার মানুষ তুমি একজনই’ ও ‘কমলায় নৃত্য করে’। এরপর মঞ্চে আসেন জনপ্রিয় অভিনয়শিল্পী আফসান আরা বিন্দু ও আরিফিন শুভ। তাঁরা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তাঁরা জানান, চরকিতে ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তাঁদের নতুন সিনেমা ‘উনিশ-বিশ’। সিনেমাটি দেখার আমন্ত্রণ জানান তাঁরা।

কৃতী শিক্ষার্থীদের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী কোনাল

পরে অবন্তী সিঁথি গেয়ে শুনিয়েছেন ‘রূপকথার জগতে তুমি’। ‘হাওয়া’ সিনেমার জনপ্রিয় গান ‘সাদা সাদা কালা কালা’ গেয়েছেন আরফান মৃধা। শেষে মঞ্চে আসেন চিরকুটের শিল্পীরা। তাঁরা ‘কানামাছি মিথ্যা’, ‘এই শহর জাদুর শহর’, ‘আহা জীবন’, ‘লাল লাল’ গানগুলো গেয়ে সবাইকে মাতিয়ে তোলেন।

ঢাকার আয়োজন তো শেষ হলো। তবে দেশের বিভিন্ন অঞ্চলে চলবে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পালা। শেষ হবে আগামী ২৫ ফেব্রুয়ারি।

সাফল্য আর উৎসবের অনাবিল আনন্দের স্মৃতি নিয়ে সন্ধ্যায় ফ্যান্টাসি কিংডম থেকে ঘরের পথে ফিরে গেছে দেশের আগামী দিনের কর্ণধারেরা।