
তিন ধরনের যাত্রী মেট্রোরেল ও দূরপাল্লার রেলের ভাড়ায় ২৫ শতাংশ ডিসকাউন্ট (ছাড়) সুবিধা পাবেন। তারা হলেন-বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী এবং ছাত্র বা শিক্ষার্থী। তবে, তাদেরকে যথাযথ আইডি কার্ড প্রদর্শন করতে হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতু, নৌ-পরিবহন এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ‘যেহেতু ঈদের অল্প দিন বাকি, আমরা ঈদের আগেই চেষ্টা করছি। সম্ভব হওয়ার সম্ভাবনা একটু কম, কিন্তু আগামী কোরবানির ঈদের আগে নিশ্চয়ই এটি নিশ্চিত হবে এবং টিকিটের ২৫ পার্সেন্ট ডিসকাউন্টে চলতে পারবে।’
ট্রেনের টিকিটগুলো তো অনলাইনে হয়, অনলাইনে ডিসকাউন্ট টিকিট কীভাবে হবে-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনলাইনে ওখানে অপশন থাকবে।
মন্ত্রী বলেন, আপনি আইডি কার্ড দেখালে ৬৫ বছরের বেশি বয়স হলেই আপনাকে ২৫ শতাংশ ডিসকাউন্ট করতে হবে। স্টুডেন্ট আইডি কার্ড শো করতে হবে এবং যারা প্রতিবন্ধী ব্যক্তিরা আছেন, তাঁদের ক্ষেত্রে যেটা হবে, তাদেরও একটি কার্ড আছে। সেটা প্রদর্শন করলেই তাঁরা সেই ডিসকাউন্টের সুবিধা পাবেন।
রেলের উন্নয়নে প্রধানমন্ত্রী কিছু বলেছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘সহজ কথা হচ্ছে যে-আমরা রেলের একেবারে সার্বিক উন্নয়ন চাচ্ছি। এখন যে সমস্ত ট্রেন চালু আছে, তার গতি বৃদ্ধি এবং অল্প সময়ে যাতায়াত কীভাবে করা যায় তার জন্য বিদ্যমান কিছু প্রকল্প আরও বেগ পাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে।’রেলের সার্ভিস বাড়াতে জনবান্ধব কিছু প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
শেখ রবিউল আলম বলেন, আসন্ন ঈদে যাত্রীদের মানসম্মত যাত্রা নিশ্চিত করতে ৮৫ থেকে ৮৬টা লোকোমোটিভ ব্যবহার করা যায় কি না, সেই চেষ্টা করা হচ্ছে। এটা করা গেলে ঈদে অতিরিক্ত যাত্রীর চাপও সামাল দেওয়া যাবে। ফলে কোনো শিডিউল বিপর্যয় হওয়ার সুযোগ থাকবে না।
সড়ক ও নৌপথে ঈদযাত্রা প্রসঙ্গে এই মন্ত্রী বলেন, ঈদ যাত্রা নিশ্চিত করতে সরকার যথেষ্ট উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী বলেন, ‘আমরা এটা নিয়ে গত প্রায় ধরেন ১০ দিন ধরে কাজ করছি। সমস্ত মন্ত্রণালয়গুলো এখানে যারা যুক্ত আছেন এবং যারা মাঠে কাজ করবেন, তারপর মোবাইল টিম, নৌ-পুলিশ, হাইওয়ে পুলিশ, সেনাবাহিনীও কাজ করবেন।’
যানবাহনে ভাড়া বেশি নেওয়ার কোনো সুযোগই নেই দাবি করে মন্ত্রী বলেন, ‘এটা নিয়ে বাস মালিক সমিতি আছে, লঞ্চ মালিক সমিতি আছে, তাদের সাথে বসেছি। তারা অঙ্গীকার করেছে এবং আমরা তাদেরকে কিন্তু নজরদারিতে রেখেছি এবং যেকোনো মূল্যে আমরা এটা প্রতিষ্ঠিত করব।’