ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা নীরবে কাজ করছেন। তবে তাঁরা সুযোগ-সুবিধা পাচ্ছেন কম। সামাজিক স্বীকৃতি পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। ঋণের জন্য ব্যাংকের কাছে গেলেও পাত্তা পাচ্ছেন না। বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে টিকে থাকতে হচ্ছে। সরকার ও ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে না এলে উদ্যোক্তাদের সার্বিক উন্নয়ন সম্ভব না।
আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে ‘আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার ২০২২’-এর উদ্যোক্তা বৈঠকে উদ্যোক্তারা এসব কথা বলেন।
বৈঠকে উদ্যোক্তারা শুধু হতাশার কথাই বলেননি। বলেছেন তাঁদের টিকে থাকা ও সাফল্যের গল্পও। উদ্যোক্তা হিসেবে টিকে থাকতে হলে যেসব কৌশল জানা দরকার, তা-ও অকপটে বলেছেন। একপর্যায়ে বৈঠকটি উদ্যোক্তাদের আড্ডায় পরিণত হয়।
গত বছর থেকে ‘আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার’ আয়োজন করা হচ্ছে। এ বছরও স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, উৎপাদনশিল্প ও নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্বীকৃতি দেওয়া হবে। এ আয়োজনকে ঘিরেই আজকের বৈঠক হয়। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর ডিজিটাল রূপান্তর ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান।
‘ক্লে ইমেজ’-এর স্বত্বাধিকারী রেহানা আক্তার গত বছর আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার পেয়েছিলেন। বৈঠকে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সিরামিক বিভাগ থেকে পাস করে গত ১৯ বছর ধরে এ খাতে ব্যবসা করছেন। বিভিন্ন দেশের পাঁচটি স্কলারশিপ বা বৃত্তি পেয়েও তিনি বিদেশে যাননি।
এই উদ্যোক্তা গত ১৯ বছর কোনো ব্যাংক থেকে ঋণ নেননি। পরে ঋণ নিতে তাঁকে অনেকগুলো ব্যাংকে ঘুরতে হয়েছে এবং কাঠখড় পোড়াতে হয়েছে। শেষ পর্যন্ত এক কোটি টাকা ঋণ পেয়েছেন। তাঁর মতে, উদ্যোক্তা হতে চাইলে এবং টিকে থাকতে হলে ব্যাংক থেকে ঋণ নিতে হবে এবং তা পরিশোধ করতে হবে।
এফএম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ২০১৮ সালে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার বিজয়ী মুহম্মদ গাজী তৌহিদুর রহমান বলেন, ব্যবসার উন্নতি, ব্যবসা চালানোর দক্ষতা এবং নিজেই নিজের ব্যবসার ব্র্যান্ডিং করতে পারলে ব্যাংকগুলো অবশ্যই উদ্যোক্তাদের ঋণ দেবে।
ব্যাংক থেকে ৭৭ লাখ টাকা ঋণ নিয়েছেন ‘শাবাব লেদার’-এর মালিক মাকসুদা খাতুন। মাসে ২ লাখ ৮০ হাজার টাকা করে কিস্তি দিচ্ছেন। তাঁর মতে, ঋণের অর্থ দিয়ে বাসার বাজার করলে তা কোনো কাজে লাগবে না।
গত বছর আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার পেয়েছিলেন ‘ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন। ঋণ পেতে ব্যবসার ডকুমেন্টেশন বা নথিপত্র যাতে ঠিকঠাক ও গোছানো থাকে, সে বিষয়টিতে গুরুত্ব দেন তিনি।
বৈঠকে আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের ক্রেডিট অ্যানালিটিক্যালস প্রধান শাহ জালাল এবং সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব (আইডিয়া প্রকল্প) র হ ম আলাওল কবির উদ্যোক্তাদের ব্যাংক থেকে ঋণ পেতে এবং দক্ষ উদ্যোক্তা হতে করণীয় বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।
‘আঁখিস কালেকশন’-এর প্রতিষ্ঠাতা সালমা রহমান আঁখি কথা বলতে গিয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। কান্নাজড়িত কণ্ঠে জানালেন, অস্ত্রোপচার করে তাঁর মস্তিষ্কের টিউমার অপসারণ করা হয়েছে। এরপরও প্রায় প্রতি মাসেই মাথা ব্যথার কারণে বিছানায় শুয়ে থাকতে হয়। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণে বারবার হোঁচট খেতে হচ্ছে তাঁকে।
কম্পিউটার ইঞ্জিনিয়ার আছিয়া নীলা ‘উইমেন ইন ডিজিটাল লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা। তাঁর প্রতিষ্ঠানের বিশেষত্ব, সেখানে শুধু নারীরাই কাজ করেন। বললেন, এক সময় মেয়েরা তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করতে চাইতেন না। এখন তাঁর প্রতিষ্ঠানের মেয়েরা আন্তর্জাতিক বাজারে কাজ করছেন। ব্লক চেইন ডেভেলপ করছেন। কুড়িগ্রামের মেয়েদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে তাঁদের এ খাতে কাজে লাগানো হচ্ছে।
‘হিফস এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ছৈয়দ মুহাম্মদ সোয়াইব হাছান বলেন, নুডলস তৈরি ও বিয়ের গাড়ি সাজানোর জন্য ঝাউ পাতা বিক্রি থেকে শুরু করে অনেক কিছু নিয়ে ব্যবসা করেছেন। শেয়ার বাজারে বিনিয়োগ করে শূন্য হাতে ফিরেছেন। তবে হাল ছাড়েননি। এখন তিনি তিনটি কারখানার মালিক। এসব কারখানায় ৫৫০ কর্মী কাজ করছেন।
বক্তব্যের শুরুতেই মায়ের প্রতি কৃতজ্ঞতা জানান ‘কেপিসি ইন্ডাস্ট্রিজ’-এর স্বত্বাধিকারী কাজী সাজেদুর রহমান। ব্যবসার শুরুতে মা তাঁকে ১০ লাখ টাকা এবং অন্যান্য সুযোগ-সুবিধা দিয়েছিলেন। প্লাস্টিকের বিকল্প কাগজের কাপের ব্যবসা করার ধারণা পেয়েছিলেন মাকে নিয়ে হজে গিয়ে ইফতারের সময়। জানালেন, তাঁর বিরুদ্ধে দেড় কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা করা হয়েছিল। তবে হাইকোর্টে লড়ে ওই মামলায় জয়ী হয়েছেন তিনি।
উদ্যোক্তা হিসেবে টিকে থাকতে হলে যে পরিবারের সদস্যদের সহায়তার প্রয়োজন, তা জানা গেল বৈঠকে। বিকেল চারটা থেকে সন্ধ্যা প্রায় সাতটা পর্যন্ত আইটি উদ্যোক্তা আফসানা হোসেন বৈঠকে ছিলেন। সভাকক্ষের বাইরে তাঁর ১৫ মাস বয়সী সন্তানের দেখভাল করছিলেন স্বামী আইটি উদ্যোক্তা বিল্লাল হোসেন। দুজনই হেসে প্রথম আলোকে বললেন, সন্তানের দেখভাল দুজনে মিলে না করলে তো কাজ করা যাবে না।
অনুষ্ঠানে ‘তুলিকা’-এর স্বত্বাধিকারী জুট অ্যাসোসিয়েশনের পরিচালক ইশরাত জাহান চৌধুরী, ‘নকরেক আইটি ইনস্টিটিউট’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুবীর নকরেক, ‘পল্লী নগর’-এর প্রতিষ্ঠাতা মাহফুজা আক্তার, বাংলাদেশ হস্তশিল্প অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুর রহমান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক লিপি আক্তার, ‘প্রাচ্য কালেকশন’-এর মালিক শ্রুতি অমৃতা প্রীতম, ‘রাজিয়া এগ্রো ফার্ম’-এর প্রতিষ্ঠাতা রাজিয়া কবির, ‘বুনন’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবা আহমেদ, ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তা তাবেন্দা হোসেইন, সেমিকোলন আইটি সলিউশনের পরিচালক পারভেজ মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।