
২০২৪ সালের ১৬ জুলাই দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত অনেক শিক্ষার্থী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এই খবর শুনেই আমি এবং আমার তিন সহকর্মী সেখানে ছুটে যাই। হাসপাতালে ঢুকতেই জরুরি বিভাগে দেখি শহীদ আবু সাঈদের মরদেহ একটি স্ট্রেচারে। সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। মরদেহের পাশে কয়েকজন শিক্ষার্থী আহাজারি করছিল। সবাই অশ্রুসিক্ত।