খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ক্যানটিনে তালা দিয়েছেন শাখা ছাত্রলীগের নেতা–কর্মীরা৷ আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে আলাওল হল এবং এ এফ রহমান হল–সংলগ্ন ক্যানটিনে তালা দেওয়ার ঘটনা ঘটে। পরে ওই দুই হলের প্রাধ্যক্ষের আশ্বাসে তালা খুলে দেওয়া হয়।
ক্যানটিনে তালা দেওয়া নেতা–কর্মীরা শাখা ছাত্রলীগের বিজয় উপপক্ষের অনুসারী হিসেবে পরিচিত। তাঁদের অভিযোগ, ক্যানটিনের থালাবাসন ঠিকমতো পরিষ্কার করা হয় না। বাজারের সবচেয়ে নিম্নমানের শাকসবজি রান্না হয়। ক্যানটিনের চারপাশের পরিবেশ স্যাঁতসেঁতে। আবর্জনা ছড়িয়ে–ছিটিয়ে থাকে। দুর্গন্ধের মধ্যেই খাবার খেতে হয়। এসব সমস্যার কথা বারবার জানানোর পরও ক্যানটিন পরিচালক কোনো ব্যবস্থা নেননি।
জানতে চাইলে শাখা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ এনামুল হক প্রথম আলোকে বলেন, হল কর্তৃপক্ষকে না জানিয়ে যেকোনো সময় খাবারের দাম বাড়ান ক্যানটিন পরিচালক। নিম্নমানের খাবারের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে তাঁদের খাবার খেতে হয়। এ কারণে বিভিন্ন সময় পেটের অসুখে ভুগতে হয়। আজ সকালে ডালের মধ্যে তেলাপোকা পেয়েছেন। এ কারণে তাঁরা প্রতিবাদ করেছেন।
ডালে তেলাপোকা পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন ক্যানটিন পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, রান্নাঘর থেকে তেলাপোকা উড়ে এসে হয়তো ডালে পড়েছে। তিনি সব সময় কর্মচারীদের ক্যানটিন পরিষ্কার রাখার জন্য বলেন।
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্যানটিনের চেয়ে তাঁর ক্যানটিন বেশি পরিচ্ছন্ন দাবি করে হেলাল উদ্দিন বলেন, খাবার নিয়ে আপত্তি থাকলে তা সংশোধন করার জন্য সময় দেওয়া উচিত। ক্যানটিন চালালে মাঝেমধ্যে ভুল হয়। এরপরও তিনি সব সময় চেষ্টা করেন, যেন ক্যানটিন স্বাস্থ্যকর থাকে।
এদিকে ক্যানটিনে তালা দেওয়ার পর আলাওল হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ ফরিদুল আলম এবং এ এফ রহমান হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ এস এম মোয়াজ্জেম হোসেনের আশ্বাসে আবার তালা খুলে দেওয়া হয়। জানতে চাইলে তাঁরা প্রথম আলোকে বলেন, ক্যানটিনে অপরিচ্ছন্নতার আলমত পেয়েছেন। শেষবারের মতো পরিচালককে তাঁরা সতর্ক করেছেন। ভবিষ্যতে এমন অবস্থা দেখা দিলে ব্যবস্থা নেওয়া হবে।