‘দুই বছর হয়ে গেল, এখনো বাবার লাশটাও খুঁজে পেলাম না। সবাই তো অন্তত বাবার কবর জিয়ারত করতে পারেন। বাবার মাগফিরাত কামনা করতে পারেন। সে সুযোগও আমার নেই। এটি আমার জন্য বড় দুর্ভাগ্য।’ চট্টগ্রামে ভারী বৃষ্টির মধ্যে খালে তলিয়ে যাওয়া বাবা ছালেহ আহমেদকে (৫০) দুই বছরেও খুঁজে না পাওয়ার বেদনা এভাবে প্রকাশ করেন ছেলে সাদেকুল্লাহ মহিম।
২০২১ সালের ২৫ আগস্ট চট্টগ্রাম নগরের মুরাদপুর মোড়ে চশমা খালে পা পিছলে পড়ে যান সবজি বিক্রেতা ছালেহ আহমেদ। মুহূর্তের মধ্যে তলিয়ে যান তিনি। পরে আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় ঠিক সেই মোড়ে দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করেন সাদেকুল্লাহ। সংবাদ সম্মেলন শুরুর পৌনে এক ঘণ্টা আগে ঘটনাস্থলে হাজির হন তিনি। এ সময় যেখানে বাবা তলিয়ে গিয়েছিলেন, সেই খালের আশপাশ ঘুরে দেখেন।
গত দুই বছরে জায়গাটিতে বড় পরিবর্তন এসেছে। খালের ওপর থাকা কালভার্ট ভেঙে এখন বড় করা হয়েছে। খালের প্রশস্ততাও বেড়েছে আগের তুলনায়। অবকাঠামোর এই পরিবর্তন হলেও সাদেকুল্লাহের ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি। এখনো বাবাকে খুঁজে বেড়াচ্ছেন তিনি। যদিও সে আশা ক্ষীণ হয়ে এসেছে।
বাবাকে হারানোর পর পরিবারে বিপর্যয় নেমে এসেছে জানিয়ে সাদেকুল্লাহ মহিম বলেন, বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তাঁকে হারানোর পর সব স্বপ্ন তছনছ হয়ে গেছে। মা ও একমাত্র বোনকে নিয়ে তাঁদের দিন কাটছে অনেক কষ্টে। এখন আত্মীয়স্বজনের আর্থিক সহায়তায় কোনোরকম দিন কাটান তাঁরা। মহিম স্নাতক (পাস) প্রথম বর্ষে এবং ছোট বোন এবারের এইচএসসি পরীক্ষার্থী।
দিনদুপুরে খালে তলিয়ে যাওয়ার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাদেকুল্লাহ। তিনি বলেন, বাবা নিখোঁজ হওয়ার পর সিটি করপোরেশনের মেয়র একটি চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তিন মাস পর চাকরি দেওয়া হয়। কিন্তু কোন পদ, কিসের চাকরি কিছুই জানানো হয়নি। যোগ দিয়ে জানতে পারেন সিটি করপোরেশনের পেট্রলপাম্পের শ্রমিক। টানা ১২ ঘণ্টা কাজ করতে হতো। তখন একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পড়াশোনার পাশাপাশি ওই বয়সে এমন পরিশ্রমের কাজ করা তাঁর পক্ষে সম্ভব হয়নি।
পরিশ্রম কম এমন একটি পদে চাকরি দেওয়ার অনুরোধ করলেও মেয়র গুরুত্ব দেননি বলে অভিযোগ করেন সাদেকুল্লাহ মহিম। তাই চাকরি ছেড়ে দিয়েছেন। এরপর সিটি করপোরেশন বা সিডিএ কেউ তাঁদের খোঁজখবর নেয়নি।
ছালেহ আহমেদের তলিয়ে যাওয়ার ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে গঠিত কমিটির তদন্তে সিডিএ ও সিটি করপোরেশনকে দায়ী করা হয়েছিল।