দেখে মনে হতে পারে, কোনো বিশাল জলাশয় বা ডোবা। কিন্তু পানি ও কচুরিপানায় ঢেকে থাকা জায়গাটি মূলত চট্টগ্রাম নগরের বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ। তিন বছর ধরে মাঠটি পুরোপুরি ব্যবহার করতে পারছে না শিক্ষার্থীরা
দেখে মনে হতে পারে, কোনো বিশাল জলাশয় বা ডোবা।  কিন্তু পানি ও কচুরিপানায় ঢেকে থাকা জায়গাটি মূলত চট্টগ্রাম নগরের বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ। তিন বছর ধরে মাঠটি পুরোপুরি ব্যবহার করতে পারছে না শিক্ষার্থীরা

সংবাদ প্রকাশের পর স্কুলের জলাবদ্ধ খেলার মাঠ পরিদর্শনে চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরের পশ্চিম বাকলিয়ায় অবস্থিত বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের জলাবদ্ধ খেলার মাঠ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। আজ বৃহস্পতিবার বিকেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে তিনি বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় মাঠটি সংস্কারে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।

বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়টি প্রায় ৫ দশমিক ৩১ একর জায়গাজুড়ে অবস্থিত; যার মধ্যে ২ একর খেলার মাঠ। অথচ তিন বছর ধরে মাঠটি ব্যবহার করতে পারছে না শিক্ষার্থীরা। কারণ, মাঠের দুই-তৃতীয়াংশ এখন ডোবায় রূপ নিয়েছে। জমে থাকা পানিতে জন্মেছে কচুরিপানা। ভাসছে ময়লা-আবর্জনা। মাঠটি আশপাশের সড়কের তুলনায় নিচু। নেই পানিনিষ্কাশনের ব্যবস্থা। ফলে বৃষ্টি ও জোয়ারের পানি ঢুকে মাঠটি জলাবদ্ধ হয়ে পড়ে।

বিদ্যালয়ের মাঠের দুরবস্থা নিয়ে গতকাল বুধবার প্রথম আলো অনলাইনে ‘খেলার মাঠ নয়, যেন জলাশয়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদের পরিপ্রেক্ষিতে আজ বিদ্যালয়ের মাঠ পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় বিদ্যালয়ের সামগ্রিক সমস্যা তুলে ধরেন প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম।  

শিক্ষার্থীদের খেলার পরিবেশ এভাবে নষ্ট হওয়ায় দুঃখ প্রকাশ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। পরিদর্শন শেষে তিনি বলেন, মাঠ ভরাট করা হলে পানি বিদ্যালয়ে প্রবেশ করবে। কারণ, বিদ্যালয়ে পানিনিষ্কাশনের ব্যবস্থা নেই। মাঠ সংস্কারের পাশাপাশি পানিনিষ্কাশনের ব্যবস্থাও করতে হবে। এ ব্যাপারে সংস্কারের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে বৈঠক করা হবে। মাঠটিকে একটি আদর্শ খেলার মাঠ হিসেবে তৈরি করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের জলাবদ্ধ খেলার মাঠ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল মালেক, সিনিয়র সহকারী কমিশনার নু-এমং মারমা মং, সহকারী কমিশনার প্লাবন কুমার বিশ্বাস, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকেরা।

বিদ্যালয় সূত্র জানায়, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির বর্তমান আয়তন ৫ দশমিক ৩১ একর। ২০০৯ সালে চালু হয় বিদ্যালয়ের প্রাতঃ শাখা। এর আগ পর্যন্ত কেবল ছাত্রদের পড়ার সুযোগ ছিল। বিদ্যালয়ে দুই পালায় শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৮২ জন। এর মধ্যে প্রাতঃ শাখায় ১ হাজার ১৯ ছাত্রী ও দিবা শাখায় ১ হাজার ৬৩ জন ছাত্র রয়েছে। মাঠের এ দশার কারণে নষ্ট হয়েছে তাঁদের খেলাধুলার পরিবেশ।

বিদ্যালয়ের আশপাশের এলাকা ঘুরে দেখা গেল, শুধু খেলার মাঠ নয়, প্রশাসনিক-একাডেমিক তিন ভবনের চারপাশ কচুরিপানা, ময়লা-আবর্জনা ও পানিতে ডুবে গেছে। ফলে বিদ্যালয়ের পুরো এলাকা ঘুরে বেড়াতে পারছে না শিক্ষার্থীরা। এসব পানির কারণে মশার উপদ্রব বেড়েছে।