বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার চায় বিভিন্ন রাজনৈতিক দল

মাত্র এক মাসের মধ্যে পাইকারি ও গ্রাহক পর্যায়ে দুই দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাঁরা বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল এবং দ্রব্যমূল্য কমানোর দাবিতে গণ-আন্দোলন গড়ে তোলার জন্য সচেতন মানুষের প্রতি আহ্বান জানান।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো পৃথক পৃথক বিবৃতিতে নেতারা এসব কথা বলেন। তাঁরা বলেছেন, সরকারের জ্বালানিতে সঠিক পরিকল্পনা ও ভুল সিদ্ধান্তের কারণে বারবার বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে এখন দুর্বিষহ করে তুলেছে।

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান এক যৌথ বিবৃতিতে দেশের জ্বালানি খাতের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিশন গঠন করে এ খাতের দুর্নীতি ও অপচয় রোধ করতে সঠিক পরিকল্পনা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তাঁর বিবৃতিতে বলেছেন, সরকারি নির্বাহী আদেশে বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনগণের ওপর শাস্তি আরোপের মতো একটি সিদ্ধান্ত। তিনি এ সিদ্ধান্তের নিন্দা করে অবিলম্বে তা বাতিল করে জ্বালানি খাতে ভর্তুকি বৃদ্ধির দাবি করেছেন।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা এক বিবৃতিতে বলেন, গত ১২ জানুয়ারির পর সরকারের নতুন করে আরও এক দফা বিদ্যুতের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরও দুর্দশাগ্রস্ত ও বিপন্ন করে তুলবে। তিনি সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।