একাত্তরের দিনপঞ্জি ১০

মুক্তাঞ্চলে বাংলাদেশ সরকারের প্রথম জনসভা

১৯৭১ সালে ৯ মাসের মুক্তিযুদ্ধ ডিসেম্বর মাসে দ্রুত পরিণতির দিকে এগিয়ে যায়। বিজয়ের এই মাসে আমরা হাজির করছি তারিখ ধরে ধরে সেই দিনগুলোর ঘটনাধারা। ঈষৎ সংক্ষেপ করে লেখাটি নেওয়া হয়েছে প্রথমা প্রকাশনের প্রকাশিতব্য বই একাত্তরের দিনপঞ্জি: মুক্তিযুদ্ধের দৈনিক ঘটনালিপি থেকে।

মুক্ত যশোরে জনসভায় বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ
ছবি: সংগৃহীত

যশোর সম্পূর্ণ মুক্ত হওয়ার পর ১১ ডিসেম্বর যশোর শহরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় স্বাধীন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, তাঁর সরকার বাংলাদেশের চারটি রাজনৈতিক দলকে বেআইনি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। দল চারটি হলো মুসলিম লীগ, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম।

এর আগে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ যশোর শহরের টাউন হল ময়দানে পৌঁছালে বিপুল জনসমাবেশে ‘জয় বাংলা’ ধ্বনি দিয়ে জনতা তাঁদের অভ্যর্থনা জানায়।

পাকিস্তানি সেনাকর্তাদের আবেদন

জাতিসংঘের একটি সূত্র এদিন জানায়, বাংলাদেশে নিয়োজিত এক দল জ্যেষ্ঠ পাকিস্তানি সেনা কর্মকর্তা বাংলাদেশ থেকে পাকিস্তানি বাহিনীকে সরিয়ে নিতে মেজর জেনারেল রাও ফরমান আলীর মাধ্যমে জাতিসংঘের সাহায্য চেয়েছে। তারা বাংলাদেশে জাতিসংঘের ত্রাণ কার্যক্রমের ফরাসি প্রধান পল মার্ক অঁরির মাধ্যমে জাতিসংঘের সাহায্য চায়। অঁরি জাতিসংঘের মহাসচিবকে বার্তাটি পৌঁছে দিয়েছেন।

ঢাকার চারদিক যৌথ বাহিনী কার্যত ঘিরে ফেলেছে। আকাশ ও জলপথে পাকিস্তানি বাহিনীর পালানোর পথ রুদ্ধ। বহু জায়গায় আত্মসমর্পণের পালা শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জামালপুরে ৬০০, লাকসামে ৪৫০ এবং মেঘনার পুবে বিভিন্ন স্থানে প্রায় ৮০০ পাকিস্তানি যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল মানেকশ এক বেতার ঘোষণায় বলেন, বাংলাদেশ থেকে পাকিস্তানি সেনাদের পালানোর পথ বন্ধ করার জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকায় এখন শুধু অপেক্ষা

যৌথ বাহিনীর সদর দপ্তর থেকে বলা হয়, জামালপুর ও ময়মনসিংহের পতনের পর ঢাকার সংকট ঘনীভূত। উত্তর-পূর্বে যৌথ বাহিনী মেঘনা অতিক্রম করে ঢাকা অভিমুখী। অপেক্ষা এখন যৌথ বাহিনীর ঢাকা দখলের লড়াইয়ের।

যশোর থেকে ঢাকা অভিমুখী যৌথ বাহিনী মাগুরা শহর পেরিয়ে মধুমতী নদীর তীরে পৌঁছে যায়। নদীর ওপারে পাকিস্তানি সেনারা ঘাঁটি গেড়ে তাদের প্রতিরোধের চেষ্টা চালায়। খুলনা অঞ্চলে যৌথ বাহিনী এদিন খুলনা জেলা শহরের ১০ মাইলের মধ্যে পৌঁছে যায়।

যৌথ বাহিনীর আরেক অংশ ভৈরব বাজারের দক্ষিণে সড়কপথ ধরে এগিয়ে যায় ঢাকার দিকে। চাঁদপুর ও কুমিল্লার মধ্যবর্তী লাকসামে ২৩ পাঞ্জাব রেজিমেন্ট ও একটি বালুচ রেজিমেন্টের প্রায় ৪০০ পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে।

ময়মনসিংহ, জামালপুর, নোয়াখালী, হিলিসহ রংপুর জেলার গাইবান্ধা, ফুলছড়ি, বাহাদুরাবাদ, দুর্গাদিঘি প্রভৃতি স্থান এদিন মুক্ত হয়। ভোরের আগেই পাকিস্তানি সেনারা ময়মনসিংহ শহর থেকে পালিয়ে যায়। মুক্ত হয় ময়মনসিংহ শহর। পালানোর সময় পাকিস্তানিরা শম্ভুগঞ্জ সেতু ধ্বংস করে।

পাকিস্তানি বাহিনীর সেনারা বেশির ভাগ স্থানেই যৌথ বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি। বাধা দেওয়ার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তারা হয় পালিয়ে যায়, নয় আত্মসমর্পণ করে। গত ২৪ ঘণ্টায় আত্মসমর্পণ করে প্রায় দুই হাজার পাকিস্তানি সেনা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা, ভারত, ১২-১৩ ডিসেম্বর ১৯৭১; সারেন্ডার অ্যাট ঢাকা: একটি জাতির জন্ম, লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর জ্যাকব, অনুবাদ: আনিসুর রহমান মাহমুদ, ইউপিএল (১৯৯৯), পৃ. ৮৯-৯১