
জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন থেকে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানানো হবে বলে জানিয়েছেন তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। শনিবার (১৫ আগস্ট) এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার রাতে রাজধানীর বনানীতে এক মতবিনিময় সভায় মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাসহ কয়েকটি দাবি বাস্তবায়নে তাঁদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে। ১৫ আগস্টের সম্মেলন থেকে এ বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি শুরু হবে বলেও জানান তিনি।
জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার লক্ষ্যে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা মহানগরের বনানী শাখার উদ্যোগে জামিয়া মোহাম্মাদীয়া টিএনটি কলোনি মাদ্রাসা মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
শনিবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সম্মেলনে স্থানীয় আলেম-উলামা, মসজিদের ইমাম ও খতিবদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা হয়।
সভায় মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ইসলামের মৌলিক আকিদা ও খতমে নবুয়ত মুসলমানদের ইমানের গুরুত্বপূর্ণ অংশ। এ বিষয়ে আলেম-উলামা ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে শান্তিপূর্ণ, সাংগঠনিক ও দায়িত্বশীলভাবে কাজ করা প্রয়োজন। ১৫ আগস্টের সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্তের ধর্মীয় ব্যক্তিত্বদের অংশগ্রহণের মাধ্যমে খতমে নবুয়ত-সংক্রান্ত দাবিগুলো তুলে ধরা হবে।
জামিয়া মোহাম্মাদীয়া টিএনটি কলোনির মুহতামিম মুফতি মুহাম্মাদ নোমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি কিফায়াতুল্লাহ আযহারী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আবদুল কাইয়ুম কাসেমী, মাওলানা ওয়াজেদ আলী ও মাওলানা সালমান বিন নোমান।
এদিকে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের জামিয়া ইসলামিয়া জমিরিয়া তিব্বত কলোনি বাজার মাদ্রাসায় সম্মেলন সফল করার লক্ষ্যে সংগঠনটির তেজগাঁও শাখার উদ্যোগে আরেকটি মতবিনিময় সভা হয়েছে।