
চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় এক আসামিকে ছয় বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম নুরুল আমিন।
গতকাল রোববার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞা এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, আসামি নুরুল আমিনকে ছয় বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। নুরুল আমিন সম্প্রতি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি নগরের বাকলিয়া নতুন ব্রিজ এলাকায় নুরুল আমিনের কাছ থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তারা। এই ঘটনায় বাকলিয়া থানায় করা মামলায় তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
একই বছরের ৩ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। পাঁচ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় দেন।