সুপার স্পেশালাইজড হাসপাতাল

প্রথম কিডনি প্রতিস্থাপনে অনিয়ম তদন্তে কমিটি বিএসএমএমইউর

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতাল। সম্প্রতি তোলা
ছবি: প্রথম আলো

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে প্রথম কিডনি প্রতিস্থাপনে অনিয়মসহ দাতা-গ্রহীতার মধ্যে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে।

বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ আজ বুধবার প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি করেছে। কমিটিকে দ্রুততার সঙ্গে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

চার সদস্যের তদন্ত কমিটির প্রধান বিএসএমএমইউর হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্টেশন সার্জারি বিভাগের অধ্যাপক মো. মহছেন চৌধুরী।

কমিটির অপর তিন সদস্য হলেন বিএসএমএমইউর পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক আতিকুল হক, গাইনি বিভাগের অধ্যাপক রেজাউল করিম এবং বিএসএমএমইউর ডেপুটি রেজিস্ট্রার মো. হেলাল উদ্দিন।

উপাচার্য শারফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় দাতা-গ্রহীতার চিকিৎসায় কোনো ত্রুটি হবে না। তাঁরা সর্বোচ্চ চিকিৎসাই পাবেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে বিএসএমএমইউ কর্তৃপক্ষ সচেষ্ট থাকবে।

বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে গত সোমবার কিডনি প্রতিস্থাপন করা হয়। এটি ছিল নতুন এই হাসপাতালের প্রথম কিডনি প্রতিস্থাপন। এ বিষয়ে বিএসএমএমইউ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, পিরোজপুরের বাসিন্দা ৪২ বছর বয়সী সুজন রায় কিডনি গ্রহণ করেছেন। আর কিডনি দিয়েছেন তাঁর ছোট ভাই ৩১ বছর বয়সী সুসেন রায়।

গতকাল মঙ্গলবার বিকেলে একটি সূত্র প্রথম আলোকে জানায়, কিডনিদাতা সুসেন রায় নন।

দাতা ও গ্রহীতা সম্পর্কে ভাই নন। কিডনিদাতাকে গ্রিস পাঠানো হবে—এ প্রতিশ্রুতি দেওয়ার বিনিময়ে কিডনি নেওয়া হয়েছে। দেশের বর্তমান আইনে আপন ভাইকে কিডনি দেওয়া যায়। আইনানুগ নিকটাত্মীয় ছাড়া কারও কিডনি নেওয়া যায় না।