বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় রৌপ্য ও ব্রোঞ্জপদক জিতল আইইউবি

পদকজয়ী দুই শিক্ষার্থীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তানভীর হাসান
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার দাবা ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জপদক জিতেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)। ছেলেদের দাবায় রৌপ্যপদক জিতেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অমিত বিক্রম রায়। অপর দিকে মেয়েদের দাবায় ব্রোঞ্জপদক জিতেছেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মৌরী।

বুধবার আইইউবির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত চার দিনব্যাপী দাবা প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। ৩৩টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৮৬ জন শিক্ষার্থী এ দাবা প্রতিযোগিতায় অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদকজয়ী দুই শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে আইইউবির উপাচার্য তানভীর হাসান বলেন, ‘এবারের ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের এই সাফল্যের একটা বিশেষ তাৎপর্য আছে। সেটা হলো ছেলেদের পাশাপাশি আমাদের মেয়েরাও সমানতালে এগিয়ে আসছে।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ বছর তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করেছে। দেশের ১২৫টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭ হাজার শিক্ষার্থী এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।

প্রতিযোগিতায় ১২টি ইভেন্ট হলো ফুটবল, ক্রিকেট, সাঁতার, অ্যাথলেটিকস, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা, সাইক্লিং ও ব্যাডমিন্টন।