যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের বোমায় একজন নিহত

যশোর জেলার মানচিত্র
যশোর জেলার মানচিত্র

যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের বোমায় জিয়া ফকির (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের রানাগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জিয়া ফকির স্থানীয় একটি চরমপন্থী দলের নেতা ছিলেন। তিনি নিজের নামে ‌‌‘জিয়া বাহিনী’ গড়ে তুলেছিলেন। তাঁর নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

জিয়া ফকির অভয়নগরের রানাগাতী গ্রামের ওহাব ফকিরের ছেলে।

রানাগাতী গ্রামের কয়েকজন ও পুলিশ জানায়, শুক্রবার রাতে জিয়া ফকির রানাগাতীর উত্তরপাড়ায় মসজিদ মাদ্রাসা বটতলায় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে পর পর তিনটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। একটি বোমা তাঁর শরীরে লেগে বিস্ফোরিত হলে তিনি ঘটনাস্থলে মারা যান।

স্থানীয়রা জানান, জিয়া ফকিরের নামে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পালিয়েছিলেন। মাস তিনেক আগে তিনি এলাকায় ফিরে আসেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ প্রথম আলোকে বলেন, কারা হামলা চালিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। আমরা খোঁজখবর নিচ্ছি।