ভারতে বেড়াতে গিয়ে দেশে ফেরা হলো না আশুতোষের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

প্রায় চার মাস আগে ভারতে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন আশুতোষ গাইন। আজ রোববার ওই আত্মীয়ের মোটরসাইকেলে বাংলাদেশে ফিরছিলেন। কিন্তু দেশে ফেরার আগেই ভারতের বশিরহাট জেলার ঘোজাডাঙ্গা এলাকায় ট্রাকের চাপায় ওই আত্মীয়সহ আশুতোষ নিহত হয়েছেন।

রোববার বিকেল সাড়ে চারটার দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওপারে ঘোজাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশুতোষের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষাডাঙ্গা গ্রামে।

ভোমরা ইমিগ্রেশনের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মাজরিহা হাসান বলেন, নিহত আশুতোষ ৭ সেপ্টেম্বর বাংলাদেশি পাসপোর্টযাত্রী হিসেবে ভারতে গিয়েছিলেন। আজ বিকেলে তিনি দেশে ফেরার জন্য তাঁর আত্মীয়ের মোটরসাইকেলে ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশনে আসছিলেন। ঘোজাডাঙ্গা ইছামতী পার্কিংয়ের সামনে আসার পর একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশুতোষসহ ওই আত্মীয় নিহত হয়েছেন।

আশুতোষের আত্মীয় ওই ভারতীয় নাগরিকের নাম-পরিচয় জানাতে পারেননি এসআই মাজরিহা হাসান। আশুতোষের লাশ এখনো ওই দেশে আছে বলে তিনি জানান।