মাহমুদা হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি ২০ ফেব্রুয়ারি

স্ত্রী মাহমুদা খানম ওরফে মিতু হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার
ফাইল ছবি

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ওরফে মিতু হত্যা মামলা অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২০ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিচারের জন্য তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. জেবুন নেসা এই আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ১১ জানুয়ারি মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে আসে। আদালত মঙ্গলবার বিচার শুরুর জন্য তৃতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতে পাঠান।

২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে মাহমুদাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ২০২১ সালের ১২ মে বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে ফেনী জেলা কারাগারে আটক আছেন বাবুল।

গত বছরের সেপ্টেম্বরে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বাবুলসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।