
ঢাকার ধামরাই থেকে সাত দিন বয়সী নবজাতক অপহরণে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার তাঁদের যশোর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন, রুবেল শেখ (৩৫) ও তানিয়া আফরোজ (২৩)। এদিকে সাত দিন বয়সী ওই নবজাতককে উদ্ধার করা হয়েছে।
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ঢাকার ধামরাইয়ের বাসা থেকে সাত দিন বয়সী শিশুটিকে অপহরণ করেন রুবেল–তানিয়া দম্পতি। তাঁরা নবজাতকের মা মিলি আক্তারের পূর্বপরিচিত। ২৬ ফেব্রুয়ারি ধামরাইয়ে মিলি আক্তারের বাসায় আসেন রুবেল ও তানিয়া। এরপর তাঁদের কাছে রেখে মিলি আক্তার ওষুধ কিনতে যান।
নবজাতকের মা মিলি আক্তার ২০ মিনিট পরে ফিরে এসে নবজাতককে দেখতে পাননি। আশপাশের কোথাও খুঁজে না পেয়ে রুবেলদের ধামরাইয়ের বাসা বন্ধ পাওয়া যায়। তাঁদের ফোন নম্বরও বন্ধ ছিল। পরে নবজাতকের মা র্যাব–৪ এর কার্যালয়ে গিয়ে অভিযোগ জানান। পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।