পুরান ঢাকাকে ধাঁধার মতো মনে হয় আলোকচিত্রী মুনেম ওয়াসিফের। শহর ও নদীর মধ্যে আটকে থাকা এই নগর এখনো গৌরবময় অতীত এবং হাল আমলের উন্নয়ন-প্রবাহের মধ্যে দোদুল্যমান। এর সরু সড়ক, খসে পড়তে পড়তে ঝুলে থাকা ঐতিহাসিক স্থাপনার ফাঁকফোকরে লুকিয়ে আছে বহু গল্প, নানা রকম চরিত্র। পুরান ঢাকার এ রকম বেশ কিছু ছবিগল্প নিয়ে ভারতের মুম্বাইয়ে শুরু হয়েছে মুনেম ওয়াসিফের একক আলোকচিত্র প্রদর্শনী ‘ক্রমশ’।
১০ নভেম্বর গ্যালারি ‘প্রজেক্ট এইটটিএইট’-এ শুরু হয়েছে এই প্রদর্শনী। গত বিশ বছর পুরান ঢাকায় তোলা মুনেম ওয়াসিফের অনেকগুলো আলোকচিত্র স্থান পেয়েছে সেখানে। প্রাচীন সেই শহর, শহরকেন্দ্রিক সাহিত্য, সেখানকার মানুষের দৈনন্দিন জীবনের প্রতি আলোকচিত্রীর অনুরাগের আভাস পাওয়া যাবে ছবিগুলোতে।
মুনেম ওয়াসিফ বলেন, ‘আমি দীর্ঘকাল পুরান ঢাকায় ছিলাম। বকশীবাজারে কেটেছে দীর্ঘ সময়। মূলত আখতারুজ্জামান ইলিয়াসের সাহিত্যকর্ম আমাকে এই শহর সম্পর্কে আগ্রহী করেছে, যার পুনরাবৃত্তি পেয়েছিলাম শহিদুল জহিরের সাহিত্যকর্মে। তাদের ভাষা আমাকে পুরান ঢাকাকে আলোকচিত্রে রূপ দিতে প্রেরণা জুগিয়েছে।’
প্রদর্শনীতে থাকা ছবিগুলোর মধ্যে এক দশক ধরে ‘বিলঙয়িং ২০০১-২০১৩’ সিরিজের ছবিগুলো তুলেছেন ওয়াসিফ। সেসবের বেশ কিছু ছবি প্রকাশিত হয় প্যারিসের ক্লেমেন্তিন দে লা ফেরানিয়ের প্রকাশনা থেকে। সাদাকালো এই সিরিজের আলোকচিত্রগুলোকে আপাতদৃষ্টে কিছু আকস্মিক মুহূর্তের সংকলন মনে হবে। তবে এক যুগ ধরে ধীরে ধীরে গড়ে ওঠায় এটি রূপান্তরিত হয়েছে এক কাব্যিক আখ্যানে।
ধরা যাক ভোরবেলা নাজিরাবাজারের রাস্তায় পানি ছিটানোর দৃশ্য। মনে হবে পানির ঝাপটা গিয়ে পড়ছে পেছনের রিকশায় বসা মানুষের গায়ে। কিংবা প্রায় ভেঙে পড়া পানিটোলার দোতলা বাড়ির বারান্দা, ছাদ থেকে ঝুলে থাকা শাড়ি, বাঁকানো পানির পাইপের ফাঁকে মা-মেয়ের চুলে বিলি কাটার দৃশ্য। সাধারণ, অথচ বিশেষ এই মুহূর্তগুলো ওয়াসিফ ফ্রেমবন্দী করতে সময় নিয়েছেন দুই দশকের বেশি। সূক্ষ্ম চোখে দেখলে এগুলোকে শিল্পীর মতোই নিপুণ আর মানবিক বোধ হবে যে কারও।
২০ বছর আগের সাদাকালো ছবি, ছবির মানুষ, বাড়িঘর, অলিগলি, দোকানের নাম, সাইনবোর্ড—সব বদলে গেছে। ওয়াসিফ তাঁর লেন্স সরিয়ে নিয়েছেন নতুন কাজ ‘স্টেরিও’তে। সেখানে দেখা যাবে শহরের মধ্যকার নির্জীব স্থাপত্যে। বিমূর্তপ্রায় রঙিন এই ছবিগুলো শহরের নানা বিবর্তনের ইঙ্গিত দেবে। মোবাইল স্ক্রিনের আলো কিংবা পণ্যে ঠাসা রেফ্রিজারেটরের মাধ্যমে যান্ত্রিক জীবনে মানুষের নির্ভরশীলতা কিংবা রাস্তায় ঝুলে থাকা সেকেন্ডের কাঁটাসহ ডিজিটাল ঘড়িতে ধরা পড়ে আধুনিক সময়ের সঙ্গে পুরান ঢাকার মানুষের বোঝাপড়া। আগের সাদাকালো কাজের পাশাপাশি প্রদর্শনীতে নতুন ছবিগুলোর সংযোজন দর্শককে হাত ধরে নিয়ে যাবে পুরান ঢাকার সমসাময়িক বাস্তবতায় দিকে।
গ্যালারিতে একই সঙ্গে দেখানো হচ্ছে ‘খেয়াল’ নামের একটি চলচ্চিত্র। ২০১৫ থেকে ২০১৮ সালে এটি নির্মিত। চলচ্চিত্রটিকে বাস্তবতা এবং ফিকশনের মেলবন্ধন হিসেবে বর্ণনা করা হয়েছে। মূলত চারটি চরিত্রের মনস্তাত্ত্বিক জগতের মাঝে ঘুরপাক খেতে থাকাই ছবির প্রেক্ষাপট। সেখানে পুরান ঢাকা একটি উপলক্ষ মাত্র। ওসমান আলীর প্রতিদিনের রেওয়াজ, ফরাশগঞ্জের একই গলিতে বারবার ফিরে যাওয়া কিংবা স্যাঁতসেঁতে দেয়ালে ঝুঁকে গন্ধ খুঁজে ফেরা। রঞ্জুর গভীর রাতে সাদা ধবধবে ঘোড়ার সঙ্গে কথোপকথন। দাদির জানালার বাইরে অপলক চেয়ে থাকা আর ছোট্ট নিতুর নৈঃশব্দ্যের দুপুরে খুঁটিয়ে খুঁটিয়ে ডালিম খাওয়া। ‘খেয়াল’ জাদুবাস্তবতা, সাহিত্য ও পুরান ঢাকার নিত্যনৈমিত্তিক জীবনের মিশেলে এক স্বপ্নময় দৃশ্যচিত্র।
‘ওসমান ও তার সুবাস’ নামের আরেকটি চলচ্চিত্রে দেখা যাবে পুরোনো শহরের অলিগলিতে ঘুরতে থাকা এক ব্যক্তিকে, যিনি গন্ধের জগতে ডুবে থাকেন। ধোঁয়া, শেওলা পড়া পুরোনো দেয়াল, ধূপ, কর্পূর, আতর, পুরোনো বটগাছ, আগরবাতি, কাঁচা বাজারের হলুদ, মরিচ, নানা মসলায় ঘেরা এক জগৎ। অদ্ভুত এক ঘোর। তার মধ্যে দেখা যাবে ধোঁয়া ও কুয়াশায় আচ্ছন্ন একটি দরজার ছবি।
শুধু আলোয় দৃশ্যমান এই দরজা ভিন্ন কিছুর দিকে ইঙ্গিত দেয়, যেন ভিন্ন কোনো জগতের প্রবেশদ্বার এটি।মুম্বাইয়ের পুরোনো শহর কোলাবার আর্ট গ্যালারি ‘প্রজেক্ট এইটটিএইট’। প্রদর্শনীর উদ্বোধনী দিনে সেখানে ছিল শিল্পী-কিউরেটর নাতাশা গিনওয়ালার সঙ্গে আলোকচিত্রী মুনেম ওয়াসিফের কথোপকথন। এক পুরোনো শহরের গ্যালারিতে বসে আরেক পুরোনো শহরের আলোকচিত্র নিয়ে সেই আলাপে নাতাশা তুলে ধরেন ওয়াসিফের ছবি দেখার অনুভূতি।
নাতাশা বলেন, এই প্রদর্শনীতে ঢাকার ছবিগুলোতে দেখানো হয়েছে, কীভাবে দালানে পরিবেষ্টিত একটি শহর গড়ে উঠেছে, ক্ষয়ে যাচ্ছে, আর এর বাসিন্দাদের সঙ্গে আবেগের সম্পর্ক আরও গভীর করে তুলছে। ছবিগুলো দেখে মনে হয়েছে, মুনেম স্মৃতি সংরক্ষণের সংবেদনশীল দিকগুলো উপলব্ধি করেই কাজটি করেছেন।
মুম্বাইতে প্রদর্শনীটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। মুনেম ওয়াসিফ জানান, শিগগিরই ঢাকায় প্রদর্শিত হবে ‘খেয়াল’। প্রদর্শনীর ছবিগুলো দেখা প্রজেক্ট এইটটিএইটের www.project88.in ওয়েবসাইটে।