
সবাইকে সংগঠিত করে নারীদের মধ্যে ঐক্য গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন এবি পার্টির নেতারা। তাঁরা বলেছেন, নারীদের চুপি চুপি চোখের পানি মোছার দিন শেষ। এ ঐক্য হবে অন্যায়, জুলুম আর শোষণের বিরুদ্ধে প্রতিরোধের ঐক্য।
আজ শনিবার আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ওমেন্স উইং আয়োজিত প্রতিবাদী নারী সমাবেশে বক্তারা এ কথা বলেন। দ্রব্যের মূল্যবৃদ্ধি, রিজার্ভ–সংকট, গ্যাস, বিদ্যুৎ ও ব্যাংকিং খাতে ‘লুটপাটের’ বিরুদ্ধে ঢাকার বিজয়নগরে বিজয়-৭১ চত্বরে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, একটি দেশে যখন গণতন্ত্র থাকে না, তখন স্বৈর-ফ্যাসিবাদ কায়েম হয়। দুর্নীতি, সীমাহীন স্বেচ্ছাচারিতা ও অনাচারের জাঁতাকলে রাষ্ট্রযন্ত্র এবং এর প্রতিটি অঙ্গপ্রতিষ্ঠান যখন ভেঙে পড়ে, তখন নারী-পুরুষনির্বিশেষে প্রত্যেক নাগরিক জুলুম–বঞ্চনার শিকার হয়।
সরকারপ্রধান বলেছিলেন, ১০ টাকা দামে চাল খাওয়াবেন, ঘরে ঘরে চাকরি দেবেন। এখন চালের কেজি ৬০ টাকা। ঘরে ঘরে প্রতিদিন বেকারের সংখ্যা বাড়ছে। নারী সংগঠকদের বলব, আমরা এখন থেকে কষ্ট সহ্য করব না।নাসরীন সুলতানা, এবি পার্টির ওমেন্স উইংয়ের সমন্বয়ক
দিলারা চৌধুরী আরও বলেন, ‘আর্থ-সামাজিক কারণে নারীরাই তুলনামূলক বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন। ফলে সব মিলিয়ে পরিবারসহ সর্বত্র নারীর প্রতি সহিংসতা ও বিমাতাসুলভ আচরণ হয়ে পড়ে নিয়ন্ত্রণহীন। গত দু–দুটি নির্বাচনে ভোট দিতে পারিনি। জনগণের নির্বাচিত কোনো প্রতিনিধি সংসদে নেই।’
ঘরে ঘরে গিয়ে মা-বোনদের সচেতন করে তোলার আহ্বান জানিয়ে সভাপতির বক্তব্যে এবি পার্টির সহকারী সদস্যসচিব এবং ওমেন্স উইংয়ের সমন্বয়ক নাসরীন সুলতানা বলেন, ‘যে নারী ঘর সামলায়, সে দেশও সামলাতে পারে। যে নারী ভালোবাসা দিতে জানে, সে লাঠি হাতে দুর্বৃত্তদের শায়েস্তাও করতে জানে।’
নাসরীন সুলতানা বলেন, ‘সরকারপ্রধান বলেছিলেন ১০ টাকা দামে চাল খাওয়াবেন, ঘরে ঘরে চাকরি দেবেন। এখন চালের কেজি ৬০ টাকা। ঘরে ঘরে প্রতিদিন বেকারের সংখ্যা বাড়ছে। নারী সংগঠকদের বলব, আমরা এখন থেকে কষ্ট সহ্য করব না। সবাইকে সংগঠিত করে নারীদের মধ্যে একটা ঐক্য গড়ে তুলব। এ ঐক্য অন্যায়, জুলুম আর শোষণের বিরুদ্ধে প্রতিরোধের ঐক্য। এ ঐক্য চোর–ডাকাতদের হাত থেকে দেশকে রক্ষা করার ঐক্য।’
সমাবেশে অন্যদের মধ্যে এবি পার্টির সহকারী সদস্যসচিব বেবী পাঠান, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, সদস্যসচিব মজিবুর রহমান ও যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ বক্তব্য দেন।