চবিতে ছাত্রলীগের সংঘর্ষের পর হলের দেয়াললিখন মুছল কর্তৃপক্ষ

ছাত্রলীগের সংঘর্ষের হল থেকে দেয়াললিখন মুছে ফেলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ রোববার বিকেল পাঁচটায় এ এফ রহমান হলে
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের দুই উপপক্ষের সংঘর্ষের পর সব হল থেকে দেয়াললিখন মুছে দেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে আজ রোববার বিকেলে এ এফ রহমান হলের দেয়াললিখন মুছে দেওয়া হয়েছে।

গত শুক্রবার রাতে এ এফ রহমান হলে দেয়াললিখন নিয়ে শাখা ছাত্রলীগের দুই উপপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের ১২ নেতা-কর্মী আহত হন। বিবদমান উপপক্ষ দুটি হলো ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ও বিজয়। আহত ছাত্রদের মধ্যে আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানতে চাইলে সহকারী প্রক্টর গোলাম কুদ্দুস প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁরা সব হল থেকে দেয়াললিখন মুছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এখন পরিস্থিতি শান্ত। আর কাউকে নতুন করে দেয়াললিখন করতে দেওয়া হবে না।

এদিকে সংঘর্ষের সময় দেশি অস্ত্র হাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের স্লোগান ও মহড়া দিতে দেখা গেছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে সংঘর্ষের সময় এ এফ রহমান হলের সামনে এক শিক্ষার্থীর মুঠোফোনে ধারণ করা ভিডিওতে বিষয়টি ধরা পড়ে।
সহকারী প্রক্টর শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনায় সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া ভিডিও তাঁরা যাচাই–বাছাই করছেন। এখন পর্যন্ত প্রায় ১৫ জন অস্ত্রধারীকে শনাক্ত করা হয়েছে। একাডেমিক শাখা থেকে তাঁদের নাম-ঠিকানাসহ প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়েছে। দ্রুত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে এ এফ রহমান হলে ভার্সিটি এক্সপ্রেসের দেয়াললিখন মুছে দেন বিজয়ের নেতা-কর্মীরা। এ ঘটনায় শুক্রবার সকালে দুই উপপক্ষের নেতা-কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রাত নয়টার দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন বিজয়ের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও রামদা নিয়ে এ এফ রহমান হলের সামনে এবং ভার্সিটি এক্সপ্রেসের নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নেন।

এরপর রাত ১০টার দিকে ভার্সিটি এক্সপ্রেসের নেতা-কর্মীরা ধাওয়া দিয়ে এ এফ রহমান হল দখলে নেন। ভাঙচুর করা হয় ওই হলের অন্তত ৩০টি কক্ষ। এর পর থেকে দুই উপপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। রাত একটার দিতে পুনরায় হল দখলে নেয় বিজয়। পরে রাত আড়াইটার দিকে প্রক্টরিয়াল বডি ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতি দীর্ঘদিন ধরে দুইটি পক্ষে বিভক্ত। এর মধ্যে একটি পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর এবং আরেকটি পক্ষ সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচয় দেয়। এদের মধ্যে আবার ১১টি উপপক্ষ রয়েছে। এর মধ্যে বিজয় ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) মহিবুল হাসান চৌধুরীর, আর বাকি ৯টি নাছির উদ্দীনের অনুসারী বলে জানা গেছে।