
যশোরের ঝিকরগাছায় পুলিশের করা একটি মামলায় বিএনপির নেতা-কর্মীদের মাসে মাসে আদালতে হাজিরা দিতে হচ্ছে। জামিনের জন্য আদালতে আত্মসমর্পণ করে ১০ দিন করে হাজতবাস করতে হয়েছে। মামলা নিয়ে এই দৌড়াদৌড়ির বছর হতে চললেও এখনো আদালতে অভিযোগপত্র দেয়নি পুলিশ। এমনকি তদন্ত কর্মকর্তা মামলার সাক্ষীদের সঙ্গে যোগাযোগও করেননি। বিএনপির নেতা-কর্মীদের পক্ষ থেকে একে ‘গায়েবি’ মামলা বলা হচ্ছে।
যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনের কয়েক দিন আগে গত ১ জানুয়ারি বিএনপির ৩৪ নেতা-কর্মীকে আসামি করে ঝিকরগাছা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে পুলিশ। এ মামলায় ঝিকরগাছা থানা-পুলিশের তদন্ত কর্মকর্তা এর মধ্যে একবার বদল হয়েছেন। বর্তমানে মামলাটি তদন্তের দায়িত্বে আছেন উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান। তিনি সাত মাস ধরে মামলার তদন্ত করছেন। এর আগে এসআই নজরুল ইসলাম চার মাস তদন্ত করেছেন। এখনো মামলার তদন্ত শেষ হয়নি।
মামলার এজাহারের তথ্যানুযায়ী, যশোরের ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ৩১ ডিসেম্বর রাত পৌনে নয়টার দিকে ঘটনাটি ঘটে। পরদিন ১ জানুয়ারি ঝিকরগাছা থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক উপাদানাবলি আইনে বিএনপির ৩৪ নেতা-কর্মীকে আসামি করে একটি মামলা করেন পুলিশের এসআই সিরাজুল ইসলাম।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ৩১ ডিসেম্বর রাতে ধ্বংসাত্মক ও সরকারবিরোধী কর্মকাণ্ডের জন্য বিএনপির কিছু উচ্ছৃঙ্খল নেতা-কর্মী ও দুষ্কৃতকারী জড়ো হয়েছেন বলে খবর পায় পুলিশ। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় তারা। আটক করা হয় তিনজনকে। বাকিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র।
ঝিকরগাছা পৌরসভা নির্বাচনের আগমুহূর্তে এ মামলা করা হয়। পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে বিএনপির ১১ জন কাউন্সিলর প্রার্থীকে ওই মামলায় আসামি করা হয়। ৩১ ডিসেম্বর রাতে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়, তাঁরা হলেন ঝিকরগাছা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসানুল কবির, গদখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ মঈনুল ইসলাম ও ছাত্রদলের পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক নাঈম হোসেন।
ওই মামলার সাক্ষী হিসেবে এজাহারে দুজনের নাম রয়েছে। তাদের একজন হলেন ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ফারুক হোসেন এবং একটি তুলা কারখানার কর্মী আবদুল হাই।
পুলিশ সূত্রে জানা গেছে, আদালতে মামলার অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়ার সময়ে সাক্ষীদের ১৬১ ধারায় জবানবন্দি সংযুক্ত থাকতে হয়। কিন্তু গত প্রায় এক বছরে দুজন সাক্ষীর কাছে মামলার তদন্তকারী কর্মকর্তাদের কেউ যাননি। তাঁদের কাছে মামলার বিষয়ে কোনো তথ্যও পুলিশের পক্ষ থেকে জানতে চাওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে মামলার সাক্ষী ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, ‘পুলিশের এসআই সিরাজুল ইসলাম আমার কাছ থেকে স্বাক্ষর করিয়ে নেন। কিন্তু ওই মামলার বিষয়ে আমার কিছুই জানা নেই। মামলার করার পর থেকে এই পর্যন্ত পুলিশের কেউ এ বিষয়ে কিছু জানতে চায়নি।’
অপর সাক্ষী আবদুল হাই বলেন, ‘আমার বাড়ি কলারোয়া উপজেলায়। ঝিকরগাছা উপজেলায় একটি তুলার কারখানায় কাজ করি। মামলার বিষয়ে আমার কিছুই জানা নেই। সিরাজ দারোগা একটি কাগজে আমার কাছ থেকে স্বাক্ষর নিয়ে যান। পরে দেখি, আমাকে মামলার সাক্ষী বানিয়েছে। ১১ মাসের মধ্যে পুলিশের কেউ আমার কাছে ওই বিষয়ে কিছু জানতে আসেনি।’
শুধু সাক্ষী নয়, মামলার আসামিদের কারও সঙ্গে পুলিশের তদন্ত কর্মকর্তার কোনো যোগাযোগ হয়নি। এমনকি আসামিরা জানেনই না যে কে এই মামলার তদন্ত কর্মকর্তা।
এ বিষয়ে মামলার আসামি ঝিকরগাছা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন বলেন, ‘পুলিশ একটি গায়েবি মামলা দিয়ে দিয়েছে। আদালতে আত্মসমর্পণ করে আমরা ১০ দিন করে জেল খাটলাম। এখন প্রতি মাসে একবার করে আদালতে হাজিরা দিতে হচ্ছে। অথচ পুলিশের তদন্ত নিয়ে কোনো মাথাব্যথা নেই। তদন্ত কর্মকর্তা কে, তা-ও আমরা জানি না। কোনো দিন আসামিদের কারও সঙ্গে পুলিশ যোগাযোগ করেনি। এমনকি ঘটনাস্থলেও পুলিশের কেউ যায়নি। শুধু হয়রানি করার জন্যই পুলিশ ওই গায়েবি মামলা দিয়েছে, তা এখন একদমই পরিষ্কার।’
এ বিষয়ে মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা এসআই আবদুর রহমান প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত চলছে। আসামিদের সবাই জামিনে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে মামলা আছে কি না, কে কীভাবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
১১ মাসেও সাক্ষীদের সঙ্গে যোগাযোগ না করা প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা বলেন, ‘সাত মাস মামলার দায়িত্ব পালন করছি। আমার আগে যিনি (এসআই নজরুল ইসলাম) চার মাস দায়িত্ব পালন করেছেন। তিনি সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করে থাকতে পারেন।’
আগের তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আমি তো মাত্র তিন থেকে চার মাস ওই মামলার দায়িত্বে ছিলাম। রাজনৈতিক মামলা এত কম সময়ে তদন্তকাজ শেষ করা সম্ভব হয় না।’
এ বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত বলেন, ‘মামলাটি তদন্তাধীন। তদন্ত শেষে চার্জশিট দেওয়া হবে। কবে নাগাদ চার্জশিট হবে, তা এখনই বলা যাচ্ছে না।’
ঘটনাস্থলের আশপাশের একাধিক ব্যক্তি বলেছেন, ওই সময়ে ওই এলাকায় এ ধরনের কিছু ঘটেনি। ককটেল বিস্ফোরণের শব্দও তাঁরা শুনতে পাননি। স্থানীয় বিএনপির নেতারা বলছেন, দেশে আবার ‘গায়েবি’ মামলা ফিরে আসছে।
২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের বিভিন্ন এলাকায় হওয়া মামলাগুলো ‘গায়েবি’ মামলা হিসেবে পরিচিতি পায়। এর মধ্যে ২০১৮ সালের সেপ্টেম্বরে শুধু রাজধানীতেই নাশকতার মামলা হয়েছিল ৫৭৮টি। প্রায় সব মামলার বাদী ছিল পুলিশ।
এসব মামলার তথ্যানুযায়ী, ২০১৮ সালের সেপ্টেম্বরে ঢাকায় পুলিশের ওপর ৯০টি হামলার ঘটনা ঘটে। উদ্ধার হয় ১ হাজার ১৮৬টি ককটেল ও ৩৭০টি পেট্রলবোমা।
ঝিকরগাছা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৬ জানুয়ারি। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন মোস্তফা আনোয়ার পাশা। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমরান হাসান। এ ছাড়া নয়টি ওয়ার্ডে কমিশনার পদে বিএনপির ১১ নেতা-কর্মী প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে বিএনপির নেতা-কর্মীদের মাঠ ছাড়া করতেই ওই মামলা করা হয়েছে বলে দলটির নেতাদের অভিযোগ। নির্বাচনে যথারীতি বিএনপি নেতা-কর্মীরা দাঁড়াতে পারেননি। ফলে আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা আনোয়ার পাশা জয়ী হন। বিএনপির ১১ কাউন্সিলর প্রার্থীর মধ্যে কেউ জয়ী হতে পারেননি।
ঝিকরগাছা থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলামের করা মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ৬০ থেকে ৭০ জনকে। আসামিদের মধ্যে কাউন্সিলর প্রার্থী ছিলেন ১১ জন। তাঁরা বিএনপি ও জামায়াতের নেতা-কর্মী। নির্বাচনে পৌরসভার ৫ নম্বর (কীর্তিপুর) ওয়ার্ডের প্রার্থী ও বিএনপির নেতা আরমান হোসেন বলেন, ‘মামলা দিয়ে আমাদের ভোটের মাঠ ছাড়া করা হয়েছে। এ কারণে মেয়র ও কাউন্সিলর পদে আমরা কেউ জয়ী হতে পারিনি।’