সাবেক মন্ত্রী হাবিবউল্লাহ খানের ইন্তেকাল

হাবিবউল্লাহ খান
ছবি: সংগৃহীত

সাবেক মন্ত্রী হাবিবউল্লাহ খান মারা গেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

হাবিবউল্লাহ খানের জন্ম ১৯৩৫ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। স্বাধীনতার পর সত্তর দশকের শেষের দিকে তিনি তথ্যমন্ত্রী এবং আশির দশকের শুরুতে পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূতও ছিলেন তিনি।

হাবিবউল্লাহ খানের স্ত্রী সালমা খান ছিলেন জাতিসংঘের সিডও (নারীর বিরুদ্ধে সব ধরনের বৈষম্য বিলোপসংক্রান্ত সনদ) কমিটির সাবেক চেয়ারপারসন। তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত (ইন্দোনেশিয়ায়) হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। গত বছরের জুলাই মাসে সালমা খান মারা যান।

হাবিবউল্লাহ খান ও সালমা খানের একমাত্র মেয়ে হুমানা খান যুক্তরাষ্ট্রপ্রবাসী। তিনি দেশে ফেরার পর হাবিবউল্লাহ খানের জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে গতকাল রাতে প্রথম আলোকে জানান সালমা খানের ভাতিজি ও বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

হাবিবউল্লাহ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।