সরেজমিন: দোহার–নবাবগঞ্জ—৩

১৮ গ্রামের খ্রিষ্টানরা ‘নিজগৃহে পরবাসী’ 

পৈতৃক জমি উঠেছে অর্পিত সম্পত্তির তালিকায়। মামলা করে বছরের পর বছর অপেক্ষা। সংকট যোগাযোগব্যবস্থা ও চিকিৎসার।

খ্রিষ্টান–অধ্যুষিত বিভিন্ন গ্রামের কাঁচা রাস্তাগুলো বেহাল। বিশেষ করে বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। সম্প্রতি ঢাকার নবাবগঞ্জে
 ছবি: প্রথম আলো

অ্যান্টোনিও ম্যাথু গমেজ এখন অবসরজীবন যাপন করছেন। তিনি বহু বছর পাচকের (শেফ) কাজ করেছেন ওমানের রাজধানী মাস্কাটের নামীদামি হোটেলে। তবে অবসরজীবনটা তাঁর স্বস্তিতে কাটছে না। বাপ–দাদার আমলের বসতবাড়ির জায়গা নিয়ে পড়েছেন আইনি জটিলতায়। প্রায় ১২ বছর ধরে মামলা চলছে। বহু টাকা খরচ করেছেন, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না।

ঢাকার নবাবগঞ্জ উপজেলার খ্রিষ্টান–অধ্যুষিত ১৮ গ্রামের বাসিন্দাদের অধিকাংশই তাঁদের উত্তরাধিকার সূত্রে পাওয়া জমিজমা নিয়ে জটিল আইনি সমস্যায় রয়েছেন। তাঁদের মাঠের জমি, এমনকি বসতবাড়ির অংশবিশেষ বা পুরোটাই নানা কারণে অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত হয়েছে।

ছোট গোল্লার বাসিন্দা ম্যাথু গমেজ জানালেন, তাঁর বাড়ির জমির দাগ নম্বর ১২৫। সিএস, এসএ, আরএস কোনো খতিয়ানেই তাঁর জমি অর্পিত সম্পত্তির তালিকায় নেই। কিন্তু অর্পিত সম্পত্তির ‘ক’ তালিকাভুক্ত হিসেবে ওই জমি উল্লেখ করা হয়েছে। পরে তিনি ভূমি অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন, এটি আসলে হয়েছে ‘করণিক ভুলের’ জন্য। তিনি তাঁর পৈতৃক সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকা থেকে মুক্ত করার জন্য আইনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অর্ধেকের মতো বাসিন্দা তাঁদের জমিজমার সমস্যায় ভোগান্তিতে রয়েছেন। এমনও ঘটনা আছে যে কারও ১০০ শতাংশ জমির মধ্যে ২ শতাংশ অর্পিত সম্পত্তির খতিয়ানে উঠে গেছে। ফলে পুরো জমিরই খাজনা দিতে পারছেন না।
টমাস রোজারিও, প্রবীণ বাসিন্দা

যাঁদের জমি অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত হয়েছে, তাঁরা খাজনা দিতে পারছেন না। কোনো প্রয়োজনে জমি বিক্রি করা, উত্তরাধিকারী বা অংশীদারদের মধ্যে বিলিবণ্টনও করতে পারছেন না।

নবাবগঞ্জ উপজেলার কলাকোপা-বান্দুরা এলাকার ১৮টি গ্রাম খ্রিষ্টান–অধ্যুষিত। এই গ্রামগুলো সাধারণভাবে ‘আঠারো গ্রাম’ নামেই পরিচিত। বহু বছরের প্রাচীন এই খ্রিষ্টান জনপদ। বিভিন্ন ঐতিহাসিক বিবরণ থেকে জানা যায়, পর্তুগিজরা ভারতবর্ষে আগমনের পরে তাদের ব্যবসা-বাণিজ্য ক্রমেই প্রসার ঘটতে থাকে। সেই সঙ্গে তারা খ্রিষ্টধর্মেরও প্রচার–প্রসারের কাজ শুরু করে। সম্রাট শাহজাহানের সময় তারা মোগল শাসকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে। পশ্চিমবঙ্গের হুগলিতে ছিল তাদের প্রধান বাণিজ্য ও ধর্ম প্রচার কেন্দ্র। হুগলি থেকে তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। পূর্ববঙ্গের বাকেরগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম, সন্দ্বীপসহ ঢাকাতেও বাণিজ্য ও বসবাস শুরু করে। তবে একটা পর্যায়ে পর্তুগিজদের একটি অংশ জলদস্যুতায় জড়িয়ে পড়ে। হুগলি থেকে পর্তুগিজদের উচ্ছেদ অভিযান চালানো হয়। অনেকেই গ্রেপ্তার হন। অনেকে জায়গায় পালিয়ে যায় তারা। খ্রিষ্টানদের একটি অংশ ১৬৩২ সালের দিকে পূর্ববঙ্গের ফরিদপুর এলাকায় এসে বসবাস শুরু করে।

পরে পদ্মার ভাঙনে খ্রিষ্টানদের জমিজমা, ঘরবাড়ি বিলীন হলে তারা পদ্মা পার হয়ে ঢাকার নারিশা, হাসনাবাদ, গোল্লা, তুইতাল—এসব এলাকায় এসে বসতি শুরু করে। ক্রমে এই এলাকার ১৮টি গ্রামজুড়ে খ্রিষ্টানদের নিবিড় বসতি গড়ে ওঠে। গ্রামগুলো হলো সোনাবাজু, তুইতাল, রাউতহাটি, নয়নশ্রী, ছোট গোল্লা, বড় গোল্লা, দেওতলা, পাদ্রিকান্দা, কাশিনগর, বালিডিওর, বান্দুরা, হাসনাবাদ, মৌলাশিকান্দা, ইমামনগর, ইকরাশি, সুলপুর, মজিপুর ও বড়ই হাজি। এ ছাড়া বেশ কিছু বছর থেকে বক্সনগরেও অনেক খ্রিষ্টান বসতি গড়ে উঠেছে।

এই এলাকার প্রবীণ বাসিন্দা নয়নশ্রী গ্রামের টমাস রোজারিও জানালেন, হাসনাবাদ, গোল্লা, তুইতাল ও সুলপুর—এই চারটি প্রধান চার্চ এবং বক্সনগর ও সোনাবাজুর দুটি উপচার্চের মাধ্যমে ১৮ গ্রাম এলাকার ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালিত হয়। টমাস রোজারিও ১৯৮৩ সাল থেকে চলতি বছরে অনুষ্ঠিত নির্বাচনের আগপর্যন্ত টানা ৩৯ বছর নয়নশ্রী ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। ১৮ গ্রামের নাড়িনক্ষত্র তাঁর নখদর্পণে। জানালেন, এই ১৮ গ্রামে খ্রিষ্টান জনসংখ্যা প্রায় ১৫ হাজার। অর্ধেকের মতো বাসিন্দা তাঁদের জমিজমার সমস্যায় ভোগান্তিতে রয়েছেন। এমনও ঘটনা আছে যে কারও ১০০ শতাংশ জমির মধ্যে ২ শতাংশ অর্পিত সম্পত্তির খতিয়ানে উঠে গেছে। ফলে পুরো জমিরই খাজনা দিতে পারছেন না। সমস্যা সমাধানের একমাত্র পথ মামলা করা। আর এসব মামলায় কেবল সময়ক্ষেপণই হতে থাকে। এসব মামলায় সরকারপক্ষের কৌঁসুলি উপস্থিত না থাকায় বারবার তারিখ পড়তে থাকে। তিনি দুঃখ করে বলছিলেন, ‘আমরা তো নিজ ঘরেই পরবাসীর মতো দিন কাটাচ্ছি।’

জমিজমা নিয়ে এ ধরনের সমস্যায় ভুগছেন দেওতলার স্বপন গমেজ ও মাইকেল গমেজ, ছোট গোল্লার আইরিন রোজারিও, হাসনাবাদের ডগলাস গমেজ। তাঁরা কেউ আট বছর, দশ বছর বা এক যুগের বেশি সময় ধরে মামলা চালিয়ে আসছেন।

খ্রিষ্টান গ্রামগুলো ঘুরে দেখা গেল, এখানকার পরিবেশ বেশ আলাদা। লোকবসতি কম, ফসলের মাঠ, পুকুর, বাঁশঝাড়, ঝোপঝাড়ও প্রচুর। গ্রামগুলোর ভেতর দিয়ে একটিই পাকা সড়ক। তার পাশ দিয়ে মেঠো পথ নেমে গেছে গ্রামের প্রান্ত এলাকায়। পথের দুই পাশে সারি সারি ঘরবাড়ি। খ্রিষ্টানপল্লির বেশির ভাগ এলাকায় পাকা সড়ক থেকে সংযোগ সড়কগুলো কাঁচা। একটু বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে যায়। ভোগান্তি পোহাতে হয় চলাচলে। 

কথা হলো এলাকার প্রধান সমবায় সমিতি ‘গোল্লা ক্রিশ্চিয়ান কো–অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’–এর হিসাবরক্ষক লরেন্স দীপঙ্কর গমেজের সঙ্গে। তিনি জানালেন, ১৮ গ্রামের প্রতিটি পরিবারেই কেউ না কেউ বিদেশে কাজ করেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই তাঁদের বেশি লোক। এর বাইরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াতেও অনেকে কাজ করেন। এলাকার বাসিন্দারা ঐতিহ্যগতভাবে রন্ধনশিল্পের সঙ্গে যুক্ত। বিভিন্ন ধরনের রান্না ও বেকারিসামগ্রী তৈরিতে তাঁরা পারদর্শী। তবে ইদানীং তরুণেরা তথ্যপ্রযুক্তিসহ নানা ধরনের কাজেও বিদেশ যাচ্ছেন। বেহাল যোগাযোগব্যবস্থা এখানকার প্রধান সমস্যা।

আরেকটি বড় সংকট অপ্রতুল চিকিৎসাব্যবস্থা। নবাবগঞ্জ সদরের হাসপাতাল প্রায় দশ কিলোমিটার দূরে। রাত একটু বাড়লেই চলাচলের যানবাহন পাওয়া যায় না। ফলে রাতে কেউ গুরুতর অসুস্থ হলে হাসপাতালে নেওয়া খুব সমস্যা হয়ে যায়। তাঁরা এখানে অন্তত একটি কমিউনিটি ক্লিনিক করার কথা বললেন।

বালিডিওর গ্রামের মারিয়া কল্যাণী গমেজের সঙ্গে কথা হলো নারীদের অবস্থা নিয়ে। তিনি জানালেন, ১৮ গ্রামের মেয়েরা ছেলেদের তুলনায় বরং উচ্চশিক্ষায় একটু এগিয়ে থাকে। ছেলেরা একটা পর্যায়ে লেখাপড়া ছেড়ে দিয়ে কাজ নিয়ে বিদেশে চলে যান। মেয়েরা লেখাপড়া শেষ করে দেশেই নানা রকম কাজ করেন।

১৮ গ্রামের খ্রিষ্টানদের সমস্যার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, অর্পিত সম্পত্তি মুক্ত করতে হলে আইন অনুসারে মামলা করতে হবে। তবে মামলায় রায় পেলে জমি আর আটকে রাখা হবে না। তিনি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন, যাঁরা রায় পেয়েছেন, তাঁদের জমি যেন অবিলম্বে তালিকা থেকে মুক্ত করে দেওয়া হয়। এলাকার সড়ক ও স্বাস্থ্যকেন্দ্রের জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা নিতে বলবেন। শেষ