পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান শুভেচ্ছা সফরে আজ মঙ্গলবার দুপুরে দিল্লি যাচ্ছেন। তিন দিনের এই সফরের সময় তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করবেন। এর পাশাপাশি তিনি দিল্লিতে অবস্থানের সময় ভারত সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে সাক্ষাৎ করবেন। মরিশাসের রাজধানী পোর্ট লুইসে যাওয়ার আগে দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীর সফরটি হবে মূলত পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সুফলের ভিত্তিতে সম্পর্ককে স্বাভাবিক করার বিষয়ে আলোচনা। সেখানে দুই দেশের অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।

কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে ভিসা, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা ও বাণিজ্যের ক্ষেত্রে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার, অভিন্ন নদীর পানিবণ্টন, জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসতে পারে।

মূলত ১১ ও ১২ এপ্রিল মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের রাজধানীতে যাবেন। দিল্লিতে তাঁর সফরসঙ্গী হচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর এই প্রথম বাংলাদেশের কোনো মন্ত্রী দিল্লি সফর করছেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৭ এপ্রিল সন্ধ্যায় দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন। ৮ এপ্রিল তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে।

বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, দিল্লির সফর শেষে বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এয়ার মরিশাসের একই উড়োজাহাজে করে মরিশাসে যাচ্ছেন। ৯ এপ্রিল সকাল আটটায় বাণিজ্যিক বিমানের ফ্লাইটটি পোর্ট লুইসের উদ্দেশে দিল্লি ছাড়বে।