শুভ সকাল। আজ ১০ জানুয়ারি, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

নতুন মন্ত্রিসভার শপথ হবে বৃহস্পতিবার। মঙ্গলবার বিকেলে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আগামীকাল নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। ১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বঙ্গভবনে হবে এই শপথ অনুষ্ঠান। বিস্তারিত পড়ুন...
কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত পাল্টাল জাতীয় পার্টি। দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা বুধবারই শপথ নিতে যাবেন। জাতীয় পার্টির (জাপা) পক্ষ থেকে মঙ্গলবার দুপুরেই বুধবার শপথ নিতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সন্ধ্যায় দলটির পক্ষ থেকে জানানো হয়, নবনির্বাচিত সংসদ সদস্যরা বুধবার শপথ নেবেন। পূর্বঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে। বিস্তারিত পড়ুন...
কয়েক অনুসারীকে গ্রেপ্তারের প্রতিবাদে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিজয়ী আবদুল লতিফ সিদ্দিকী। আড়াই ঘণ্টা পর ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর অনুরোধে তিনি এই অবরোধ প্রত্যাহার করেছেন। বিস্তারিত পড়ুন...
অর্থনীতির প্রাণ হচ্ছে বিদেশি মুদ্রার রিজার্ভ, সেদিক থেকে বাংলাদেশ অনেক দেশের চেয়ে ভালো অবস্থায় আছে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘নিট বা গ্রস—উভয় হিসাবেই বাংলাদেশ ভালো অবস্থায় আছে। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) রিজার্ভের যে লক্ষ্যমাত্রা দিয়েছে, সেটা আমরা পূরণ করতে পারিনি।’ বিস্তারিত পড়ুন...
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত কয়েক মাসে বহুবার একটি জরিপের কথা উল্লেখ করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ৭০ শতাংশ ভোটারের সমর্থন আছে, তিনি আবার নির্বাচিত হবেন। ওই জরিপ গত আগস্টে প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। বহুল আলোচিত সেই জনমত জরিপে রেকর্ড ৯২ শতাংশ ভোটার জানিয়েছিলেন, তাঁরা ভোট দিতে চান। বিস্তারিত পড়ুন...