বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে ইসির সভা

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম
ছবি: ইসির ওয়েবসাইট থেকে নেওয়া

একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যাতে নির্বাচনের সময় কোথাও কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। জবাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইসিকে সহায়তার আশ্বাস দিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব ও দপ্তরের প্রধানদের সঙ্গে ইসির বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন।

আজ বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংক, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, অর্থ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। প্রায় আড়াই ঘণ্টা এই বৈঠক চলে।

বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের বলেন, ইসি কিছু নির্দেশনা দিয়েছে, যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন আয়োজন করা যায়। আন্তমন্ত্রণালয় সভায় সব অ্যাজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের বার্তা একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে যাঁর যে দায়িত্ব, তাঁরা যেন যথাযথভাবে পালন করেন।

মো. জাহাংগীর আলম বলেন, সংবিধানের মধ্যে যে সময় রয়েছে, তার মধ্যে নির্বাচন করতে ইসি বদ্ধপরিকর। এ আয়োজনকে সুষ্ঠু ও সুন্দর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর, বিভাগের প্রধানদের নিয়ে পর্যায়ক্রমে সভা হচ্ছে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনীর প্রধানদের নিয়ে সভা হয়েছে।

ইসি সচিব আরও বলেন, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, তথ্য, শিক্ষা, সড়ক পরিবহন, নৌপরিবহন, প্রাথমিক শিক্ষা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাসহ সব বিভাগকে কার কী করণীয়, তা মনে করিয়ে দেওয়া হয়েছে। যাতে নির্বাচনের সময় কোথাও কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। কেন্দ্র ব্যবস্থাপনা, যাতায়াত, গণমাধ্যম, প্রচারণা, পররাষ্ট্র, পর্যবেক্ষক, বিদেশি পর্যবেক্ষক, ঋণখেলাপিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।