সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

সৌদি আরবে অনুষ্ঠিত সৌদি ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী আবদুল আজিজ বিন তুর্কি আল ফয়সালের আমন্ত্রণে গত বৃহস্পতিবার সৌদি আরব সফরে যান সেনাপ্রধান। সফর শেষে গত রোববার দেশে ফিরেছেন তিনি।

সৌদি আরবের অলিম্পিক কমিটির ভাইস প্রেসিডেন্ট যুবরাজ ফাহাদ বিন জালাওই বিন আবদুল আজিজের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
ছবি: আইএসপিআর

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত শুক্রবার সৌদি গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বন্দর বিন আবদুল আজিজ। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি সৌদি ন্যাশনাল গেমসের আয়োজক কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে আয়োজক কমিটির নিমন্ত্রণে রাষ্ট্রীয় নৈশভোজে অংশগ্রহণ করেন সেনাপ্রধান।

সফরকালে সৌদি আরবের অলিম্পিক কমিটির ভাইস প্রেসিডেন্ট যুবরাজ ফাহাদ বিন জালাওই বিন আবদুল আজিজের সঙ্গে একান্ত সাক্ষাতে মিলিত হন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় দুই দেশের ক্রীড়া উন্নয়ন নিয়ে আলোচনা করেন তাঁরা। সেনাপ্রধানের এই সফরের মধ্য দিয়ে সৌদি আরব ও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।